,

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও অগ্রাধিকার প্রকল্প নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2026
news-image

 

হাবিবুর রহমান মুন্নাঃ

ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিয়ে কুমিল্লায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মির্জা রোজী আক্তার।

সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় ডেঙ্গু প্রতিরোধে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।