কুমিল্লায় নামাজে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় ৫ম শ্রেণির শিক্ষার্থী নিহত
কুমিল্লা–কসবা সড়কের শশীদল বাজার এলাকায় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে চার দিন পর ঢাকার হাসপাতালে মারা যায় তামিম মাহমুদ (১১)। নিহত তামিম মাহমুদ শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল পূর্বপাড়া এলাকার প্রবাসী মো. মহসিনের বড় ছেলে এবং দুই সন্তানের মধ্যে বড় সন্তান।
স্থানীয় ও বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে স্কুলের বিরতিতে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে কুমিল্লা দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি তামিমকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে এবং মাথা ও বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।
প্রাথমিকভাবে স্থানীয় ও বিদ্যালয়ের শিক্ষকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। চিকিৎসকের পরামর্শে বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। চার দিন পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর ঘটনায় বিদ্যালয় প্রাঙ্গণ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











