,

কুমিল্লায় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩০

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় মোট ১৩০ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় একযোগে মোট ৫৪টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ১০ জন মাদক ব্যবসায়ী ও ২৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৩০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল)-এর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে আমাদের ।