,

চাঁদপুরকে দেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব: ডিসি

আজকের কুমিল্লা ডট কম :
September 28, 2026
news-image

মাসুদ হোসেন:

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

চাঁদপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এবং এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে পর্যটন খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পর্যটন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করে তুলতে পারে। পর্যটনকেন্দ্রের তথ্য, যাতায়াত ব্যবস্থা, আবাসন, খাবার, দর্শনীয় স্থান ও পর্যটকদের প্রয়োজনীয় সেবা সম্পর্কে দ্রুত তথ্য পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ডিজিটাল প্ল্যাটফর্মে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটকদের জন্য তথ্যভিত্তিক ও সহজসেবা নিশ্চিত করা গেলে চাঁদপুরের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, চাঁদপুরের রয়েছে নদী, চর, ইলিশ, ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যসহ পর্যটনের বিপুল সম্ভাবনা। পরিকল্পিতভাবে এসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে চাঁদপুরকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য আধুনিক প্রযুক্তির পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ফয়সাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি রানা রহমান।আলোচনা সভায়, রিসোর্ট মালিক ও সমাজসেবকসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।