কুমিল্লায় মসলার মিলে জরিমানা, ধ্বংস করা হলো রঙ মেশানো মরিচের গুঁড়া
হাবিবুর রহমান মুন্নাঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় মসলার মিলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মেশানো, নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া প্রক্রিয়াজাত ও সংরক্ষণের অভিযোগে ‘ভাই ভাই মসলার মিল’কে এ জরিমানা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
এ সময় ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মিশিয়ে নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার করে মরিচের গুঁড়া তৈরির সময় সংশ্লিষ্টদের হাতেনাতে শনাক্ত করা হয়। এ ছাড়া মিলটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করতে দেখা যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রং মেশানো, নষ্ট ও পোকায় খাওয়া মরিচের গুঁড়া ধ্বংস করা হয়।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটিকে মুচলেকা নিয়ে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রি প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
