কুমিল্লায় র্যাব-১১ এর পৃথক দুই অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোয়ালগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর পৃথক আরেকটি অভিযানে বুধবার (২৮ জানুয়ারি) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ দল কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন দূর্গাপুর উত্তর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আব্দুর রহমান রনি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রহমান রনি ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সুভাড্ডা গ্রামের মোঃ দুলালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদকদ্রব্যের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।











