চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রী মরিয়ম আক্তার (০৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের হাজী লোকমান হোসেনের কন্যা।
সোমবার (৩০জুন) দুপুরে নিহতের নিজ বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করে নিহতের বোন উম্মে সায়মা আক্তার নিপ জানান, মরিয়ম সোমবার সকালে মায়ের কাছে মোবাইল চাইলে মা আগে পড়তে বলেন। এতে সে অভিমান করে ঘরের মূল ফটকের কলাপসিবল গেট ধরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তাকে গেটে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর বেলায় বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, দুপুর পৌনে দুইটার দিকে স্বজনরা ৫ বছর বয়সী এক মেয়ে শিশুকে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. সানাউল্লাহ জানান, পানিতে পড়ে ছাত্রী নিহতের খবর পেয়ে আমরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি থানায় নিয়ে আসি। পরে মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ নাই মর্মে নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়।