জাসাস নেতা সোহেল মোল্লা’র হত্যার প্রতিবাদে কুমিল্লা মহানগর জাসাসের দোয়া মাহফিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি
আব্দুল মোতালেব নিখিল:
নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা মহানগর জাসাস।
এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা মহানগর জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
একই কর্মসূচিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দলের নেতাকর্মীদের ঐক্য ও সুস্বাস্থ্য কামনায়ও মোনাজাত করা হয়।
কর্মসূচিতে বক্তারা জাসাস নেতা সোহেল মোল্লা’র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সহিংসতা ও প্রাণহানির ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জাসাসের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, সাংগঠনিক সম্পাদক সালমান জন, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন, দপ্তর সম্পাদক মো. ইফতেখার উদ্দিন রাজেস, প্রচার সম্পাদক জসীম উদ্দীন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক যোবায়ের হাসনাত সাফাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুনায়েদ মাহি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচির মাধ্যমে কুমিল্লা মহানগর জাসাস নেতৃবৃন্দ রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সোহেল মোল্লা’র হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।