টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো
টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো
কয়েক দিন আগেই ৪০ বছরে পা দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বয়সে আসার আগেই অনেক ক্রীড়াবিদ অবসর নিয়ে নেন। তবে এখনও মাঠে দুর্দান্ত পারফর্ম করছেন সিআর৭। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
মাঠের বাইরেও রোনালদো তৈরি করছেন নতুন নতুন রেকর্ড। এবার আরও একটি অর্জন যোগ করেছেন তার ঝুলিতে। খেলাধুলার আর্থিক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এটি টানা দ্বিতীয়বারের মতো রোনালদোর শীর্ষে থাকা।
২০২৪ সালে রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৫০ কোটি টাকা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে শুধু পারিশ্রমিক বাবদই পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া বিভিন্ন স্পনসর চুক্তি থেকে আয় করেছেন আরও সাড়ে চার কোটি ডলার।
সর্বোচ্চ আয়ের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ৩৬ বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকা গত বছর পারিশ্রমিক বাবদ পেয়েছেন ৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া বিভিন্ন স্পনসর থেকে আয় করেছেন ১০ কোটি ডলার।
তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটেনের ৩৬ বছর বয়সী সাবেক বক্সার টাইসন ফিউরি। তিনি গত বছর মোট ১৪ কোটি ৭০ লাখ ডলার আয় করেছেন। এর মধ্যে পারিশ্রমিক বাবদ আয় করেছেন ১৪ কোটি ডলার এবং স্পনসর চুক্তি থেকে ৭০ লাখ ডলার।
চতুর্থ স্থানে রয়েছেন রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী ইন্টার মায়ামির এই তারকা গত বছর মোট ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। এর মধ্যে পারিশ্রমিক বাবদ ৬ কোটি ডলার এবং স্পনসর চুক্তি থেকে সাড়ে ৭ কোটি ডলার আয় করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
পঞ্চম স্থানে রয়েছেন ৪০ বছর বয়সী বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তিনি গত বছর মোট ১৩ কোটি ৩২ লাখ ডলার আয় করেছেন।
২০২৪ সালের শীর্ষ আটজনের মধ্যে ৩৩ বছর বয়সী নেইমারই একমাত্র খেলোয়াড়, যার বয়স ৩৬-এর নিচে। রোনালদোর পরেই রয়েছেন এনবিএ তারকা স্টিফেন কারি।
এই তালিকা থেকে স্পষ্ট যে, ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তার আর্থিক সাফল্য দিয়ে ক্রীড়াজগতে নিজের আধিপত্য বজায় রেখেছেন। তার এই সাফল্য তাকে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।