সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৭, ২০২৬
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

গত অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের জন্য বিসিবির কার্যক্রম পরিচালনা করবে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি।

এই আহ্বায়ক কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক ও দেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল-কে। বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়ান। পরে সেই অনিয়ম প্রমাণিত হলে এনএসসি বোর্ড ভেঙে দেয় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তামিমকেই দায়িত্ব দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান।

এছাড়া আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহীম আহমেদ এবং অর্থমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু।

কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন ইস্পাহানী লিমিটেডের শীর্ষ কর্মকর্তা মির্জা সালমান ইস্পাহানি, বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু, প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ও সাবেক পরিচালক ফাহিম সিনহা এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্ণধার ও সাবেক পরিচালক তানজিল চৌধুরী।

নতুন এই কমিটি আগামী নির্বাচন পর্যন্ত বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।