বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার(১ নভেম্বর) উপজেলার সুন্দলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই বিদ্যালয় মাঠে ভিড় করতে থাকেন সেবাপ্রার্থীরা। প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই ক্যাম্পে ঢাকা, কুমিল্লা থেকে ২৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। তারা নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম, ডেন্টালসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন।

নেটেক্স ইন্টারনেট, স্বরবর্ণ ফাউন্ডেশন, সুন্দলপুর সমাজ কল্যান ও প্রবাসী পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সারা দিনে প্রায় দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

চিকিৎসা নিতে আসা বারপাড়া ইউনিয়নের জায়গীর গ্রামের ষাটোর্ধ আব্দুল কাদের তালুকদার বলেন, কয়েকদিন ধরে শুনছি বড় বড় ডাক্তার আসবেন। আজ এসে দেখি সত্যি তাই। যেসব ডাক্তার রোগী দেখছেন এনাদের অনেক টাকা ভিজিট দিয়ে প্রাইভেট হাসপাতালে দেখাতে হয়। আজ ফ্রি তাদের(ডাক্তার) দেখাইছি, আমার মতো যারা আসছে সবাই সন্তুষ্ট।
সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম লিপু বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সুন্দলপুর সমাজ কল্যান ও প্রবাসী পরিষদের সদস্যরা কয়েকদিন যাবৎ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সফর তালুকদার বলেন, স্বাস্থ্য সেবা কোন বিলাসিতা নয়। এটি নাগরিকের মৌলিক অধিকার। তাই শিক্ষা প্রসারের পাশাপাশি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমাদের লক্ষ্য, একটি মানবিক বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে ধনী-গরিব সবাই সমানভাবে স্বাস্থ্যসেবা ভোগ করতে পারে।

সকাল সাড়ে ১০ টায় ফ্রি চিকিৎসা ক্যাম্পটি পরিদর্শন করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এই প্রত্যন্ত এলাকায় এসে চিকিৎসা সেবা দিচ্ছে, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।