,

দাউদকান্দির বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলমের নামে অপপ্রচারের প্রতিবাদ

আজকের কুমিল্লা ডট কম :
October 5, 2026
news-image

জাকির হোসেন হাজারী:

দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ের জায়গার ভাড়া বকেয়া নিয়ে বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্যে গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় দাউদকান্দি প্রেসক্লাব (গৌরীপুর) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভিপি মো. জাহাঙ্গীর আলম বলেন, দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ের জায়গার মালিক তিতাস উপজেলার জনৈক জাহাঙ্গীর আলম। তাঁর কাছ থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকার আমিনুল হক ২০২৪ সালের আগষ্ট থেকে ২০২৭ ডিসেম্বর পর্যন্ত তিন বছর লিখিত চুক্তিতে জায়গাটি ভাড়া নেন।

পরে আমিনুল হকের সঙ্গে মাসিক ১০ হাজার টাকার মৌখিক চুক্তিতে আমরা ঘরটি ভাড়া নিয়ে দলীয় কার্যালয় করেছি এবং দুইবারে ২৫ মাসের ভাড়া আড়াই লাখ টাকা আমিনুলের মাধ্যমে জায়গায় মালিককে প্রদান করেছি।

সংবাদ সম্মেলনে ভিপি মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কার্যালয়টির উদ্বোধন করেন। গতকাল (৪ অক্টোবর) রবিবার একটি পত্রিকার অনলাইন সংস্করণে ‘দাউদকান্দি বিএনপির পার্টি অফিসের ২১ মাসের ভাড়া বকেয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে দলীয় কার্যালয়ের ছবির ইনসেটে আমার ছবিও ব্যবহার করেছে। যা ব্যাক্তি আক্রমন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছি। মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম হাজারী, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরী।