শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠু করতে কুমিল্লা-চাঁদপুরে র‌্যাব-১১’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‌্যাব-১১ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা ও চাঁদপুর জেলার ১৬টি সংসদীয় আসনে র‌্যাবের একাধিক মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব-১১ আরও জানায়, কুমিল্লা সীমান্তবর্তী জেলা হওয়ায় পাশ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ এবং অপরাধীদের গমনাগমন রোধে সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর, চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব নিরলস কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।

এদিকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাত পর্যন্ত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

বিশেষ পরিস্থিতি মোকাবিলায় একটি ‘কুইক রেসপন্স টিম’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে, যা যেকোন বড় ধরনের সহিংসতা বা দাঙ্গা দমনে দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম। পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা ও নির্বাচনকে ঘিরে যেকোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তাদের নিরাপত্তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।