,

কুমিল্লায় তিতাসে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 28, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে নিজের শার্ট দিয়ে ফাঁস দেওয়া স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৪টায় প্রাইভেট পড়ার জন্য শিক্ষার্থীরা তার নিজ বাড়ির কক্ষে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মো. রোহান আহমেদ সুমন (২৩) উপজেলার বন্দরামপুর গ্রামের ইসলাম সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বন্দরামপুর গ্রামের মো. ইসলাম সরকারের ছেলে মো. রোহান আহমেদ সুমন দীর্ঘদিন যাবৎ আফিয়া কামাল কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলে শিক্ষকতা করে আসছেন। মাসখানেক আগে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পান। সুমন শিক্ষকতার পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্ত সংগ্রহ ও রক্তদাতা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘নবধারা’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

নাম না প্রকাশের শর্তে তার একাধিক সহকর্মী জানান, পার্শ্ববর্তী উপজেলার গৌরীপুর এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমজনিত সম্পর্ক রয়েছে। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা।

তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. আহসানুল ইসলাম জানান, সুমন আত্মহত্যা করেছে এমন একটি খবর পেয়েছি। লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।