মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেঘনায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ: ২৪ জনের বিরুদ্ধে এজাহার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের চালিভাঙ্গা ইউনিয়ন শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে এজাহার দায়ের করেছেন যুবদল কর্মী মুছা মিয়া (৩৭)। ঘটনায় জড়িতদের সবাই স্থানীয় আওয়ামী লীগ–সমর্থিত সন্ত্রাসী বলেও অভিযোগ করেছেন তিনি। গত ১৪ নভেম্বর মামলা রুজু হয়। আজ শনিবার (১৫নভেম্বর) মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ১৩ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ফরাজিকান্দি গ্রামের ৪নং সাক্ষী রাহেলা বেগমের বিল্ডিংয়ের পূর্ব-উত্তর পাশে অবস্থিত বিএনপি অফিসে হঠাৎ আগুন লাগে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও অফিসের ভেতরের কাগজপত্র, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত বলে দাবি করেছে বিএনপি।

বাদী মুছা মিয়া অভিযোগ করেন, তিনি চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের ৪নং ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে বিবাদীগণ এলাকায় সন্ত্রাসী তৎপরতা, ভয়ভীতি ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-হুমকি চালিয়ে আসছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিবাদীরা আগেই নাশকতার পরিকল্পনা করেছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি জানান, ঘটনার রাতে ১ ও ২ নম্বর আসামির নেতৃত্বে দলবদ্ধভাবে ২৪ জন আসামি এবং অজ্ঞাত আরও অনেকে আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা, রামদা, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে এসে অফিস লক্ষ্য করে হামলা চালায়। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এজাহারে নামীয় ২৪ আসামি হলেন— কাইয়ুম হোসাইন, ছানাউল্লাহ, সফিক দেওয়ান, স্বপন দেওয়ান, কামরুল, জামান মিয়া, স্বপন, রাজু, ইমরান, ফারুক, শফিউল্লাহ, আমিন, হক মিয়া, রতন মিয়া, হুমায়ূন, রব মিয়া, মোশারফ, দাইয়ান, জালেক, রনি, খবির, মমিন মিয়া, হাবিবুল্লাহ ও রজ্জব আলী—যারা মেঘনা উপজেলার চালিভাঙ্গা, নলচর ও ফরাজিকান্দি এলাকায় বসবাস করেন।

ঘটনার সময় আশপাশে থাকা অনেকেই অগ্নিসংযোগের দৃশ্য প্রত্যক্ষ করেছেন বলে বাদী দাবি করেছেন। স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওসি আব্দুল জলিল দৈনিক আজকের কুমিল্লাকে বলেন তদন্ত স্বাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন