৮ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার: কুমিল্লা থেকে ৪০ রুটে বাস চলাচল শুরু
কুমিল্লায় প্রশাসনের আশ্বাসে প্রায় আট ঘণ্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন জেলা সড়ক পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে কুমিল্লার তিনটি টার্মিনালের প্রায় ৪০টি রুটে বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। মূলত নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর রুটে ‘আইদি পরিবহন’ বাস চলাচল বন্ধ রাখার দাবিতে কুমিল্লার পরিবহন নেতারা বুধবার এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।
এদিকে বৃহস্পতিবার সকালে নগরীর চকবাজার, জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস স্টেশনে বিভিন্ন পরিবহনের যাত্রীদের এসে গন্তব্যে যেতে অপেক্ষা করতে দেখা গেছে।
জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রিন্স সৌদিয়া পরিবহনের যাত্রী বিল্লাল হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, হঠাৎ বাস ধর্মঘটের বিষয়টি আমাদের জানা ছিল না। পরিবার নিয়ে ঢাকায় যাব। এখন বাধ্য হয়ে পুদয়ার বাজার বিশ্বরোড থেকে চট্টগ্রামের বাসে করে ঢাকা যেতে হচ্ছে। চকবাজার ও শাসনগাছা বাস স্টেশনেরও ছিল একই চিত্র। যাত্রীরা বাস না পেয়ে সিএনজি অটোরিকশায় চড়ে মহাসড়কে বাসের জন্য ছুটে যাচ্ছেন। এভাবে দুপুর পর্যন্ত নানা বয়সের হাজারো যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক বলেন, বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। কুমিল্লার পরিবহন নেতাদের একটিই দাবি ‘আইদি পরিবহনের’ বাস জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢুকতে পারবে না। আমরা আইদিকে বিকল্প স্থান পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস চালানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এতে উভয়পক্ষ রাজি হওয়ায় দুপুরে ধর্মঘট স্থগিত করা হলে বাস চলাচল স্বাভাবিক হয়।










