,

ঈদকে সামনে রেখে বেশি দাম পাওয়ার আশায় আনা হয়েছিলো গাঁজা

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2021
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি সিএনজিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঈদুল আজহাকে সামনে রেখে বেশি দাম পাওয়ার আশায় গাঁজা আনা হয়েছিলো বলে জানান ওই ব্যবসায়ীরা। শনিবার রাতে বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা, জানঘর ও হায়দরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

রবিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই তিন মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ মোস্তফা (৫৩), হায়দরাবাদ গ্রামের জাহের মিয়ার স্ত্রী আয়েশা বেগম ও জেলার দেবিদ্বার উপজেলার বড় শালঘর গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে মোঃ মনির (৫২)।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মুরাদনগর সার্কেলের তদারকিতে বাঙ্গরা বাজার থানার সাব ইন্সপেক্টর কাজী মোঃ শাহনেওয়াজ, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, রনি চৌধুরীর নেতৃত্বে এ.এস.আই জুয়েল রানা চৌধুরীসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা, জানঘর ও হায়দরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মোস্তফাকে, ১২ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ মনিরকে এবং ০৪ কেজি গাঁজাসহ আয়েশাকে আটক করা হয়। এ সময় তিনজনের কাছ থেকে মোট ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোস্তফা, আয়েশা ও মনির এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রবিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।