,

কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2024
news-image

স্টাফ রিপোর্টার:

অব্যাহত বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির কারণে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে কুমিল্লার গোমতী নদী। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৭টায় গোমতীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, পানির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো, উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দরা কাজ করছেন। ওই কর্মকর্তার ভাষ্য, বাঁধের বেশ কিছু ঝুকিপূর্ণ অংশ দিয়ে গতকাল থেকে লোকালয়ে কিছু পানি বের হচ্ছে। যেখানেই আমরা খবর পাচ্ছি স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চলছে।

এদিকে ‘বাঁধ ভেঙে গিয়েছে’ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর গুজব ছড়ানোর কারণে নির্ঘুম রাত কাটিয়েছে গোমতীর উভয় তীরের বাসিন্দারা।

কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানায়, জেলায় বুধবার পর্যন্ত ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার আরও বাড়তে পারে। বন্যা দুর্গতদের চাল ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।