কুমিল্লা সীমান্তে প্রায় ১২৫ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২৪ দশমিক ৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ একজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে কুমিল্লা ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় সোমবার জেলার বিভিন্ন বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায়।
অভিযানে সীমান্তের ১ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১০০ পিস ইয়াবা ও ১২৪ দশমিক ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।