,

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2024
news-image

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট:

গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমডোর জুলফিকার আলীসহ আরও ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাজিরা দেন এবং তাদের পক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৩ এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন।

অব্যাহতি পাওয়া অপর দুই আসামি হলেন সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিচার শুরু হওয়া অন্যান্য আসামিরা হলেন- প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনছার, তার দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন ও এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌসচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, তৎকালীন গ্যাটকোর পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন এবং বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। এ অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী তেজগাঁও থানায় এ মামলাটি করেন। পরের বছর, ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার ২৪ আসামির মধ্যে আটজন ইতোমধ্যেই মারা গেছেন। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাকেও মামলার অব্যাহতি দেওয়া হয়েছে।