চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। জরিমানা করা ইটভাটা দুটি হলো আয়েশা ব্রিক ফিল্ড ও মহসিন-ইমাম ব্রিক ফিল্ড। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ লঙ্ঘনের অপরাধে উভয় মালিককে দুই লাখ টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান।
আদালত সূত্র জানা যায়, উপজেলার গল্লাক বাজার এলাকার আয়েশা ব্রিক ফিল্ডকে দুই লাখ ও গল্লাক বাজার এলাকার মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিক দমকল বাহিনীর সদস্যরা পানি মেরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নানসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।