সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

আজ সোমবার (৬ জুলাই) ভোরে সদর উপজেলার ধনপর্দী সীমানায় সাদ্দাম ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং পিবিআই কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট ও নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট ছিল। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় এক বাসিন্দা জানান, রবিবার রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ওই যুবককে বাজারে ব্রিজের ওপর বসে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক বলে জানান, তবে ঠিকানা সম্পর্কে কোনও তথ্য দেননি।

চাঁদপুর পিবিআই কার্যালয়ের এসআই তরুণ কান্তি দে জানান, যুবকের পরিচয় শনাক্তে দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।