,

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
June 11, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মান্দারী এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় ঝরনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকার চেয়ারম্যান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝরনা হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পঞ্চায়েত বাড়ির প্রবাসী শাহালম মিজির স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

আহতরা হলেন- মান্দারীর জলিল বেপারী বাড়ির মমতাজ বেগম (৫০) ও ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা লোহাগড় মুন্সি বাড়ির ফয়েজ মুন্সির মেয়ে ফারজানা আক্তার (১৭)। এরমধ্যে মমতাজকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন রাস্তা পারাপারের সময় পশ্চিম দিক থেকে ইট বোঝাই একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ঝরনা বেগম নামে এক নারী নিহত হন।