বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০২৪
news-image

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সে জন্য নির্বাচন দরকার। শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪-এর প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তরুণদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘‘তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের জন্য অনেক কমিশন গঠন করা হয়েছে, ফ্যাসিবাদের বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করতে দেওয়া যাবে না।’’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘‘বিভিন্ন নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কিছু মিডিয়া সেটিকে আবার প্রচার করছে, এটি বন্ধ করতে হবে। বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে যুবকদের শক্তি ও সাহসকে একত্রিত করে দেশের কাজে লাগাতে হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘এই সরকারকে সময় দিতে হবে। আমরা তাদের দায়িত্ব দিয়েছি। মিডিয়াতে অনেকেই কোনো সাফল্য দেখতে পাচ্ছেন না। সব কিছু একসঙ্গে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন।’’