,

ডায়াবেটিস রোগীদের দাম্পত্য সমস্যা

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2019
news-image

ডা. অজিত কুমার পালঃ

ডায়াবেটিস একটি দীর্ঘ মেয়াদী রোগ। দীর্ঘকালীন ডায়াবেটিসের কারনে চোখ, কিডনী ও স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের আরেকটি গুরুত্বপূর্ণ জটিলতা হলো যৌন দূর্বলতা। এই সমস্যাটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও দেখা যায় যে ডায়াবেটিস রোগীরা তা বলতে চান না এবং ডাক্তারাও এই ব্যাপারে জিজ্ঞেস করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এই জন্য ডায়াবেটিস রোগীরা বিভিন্ন জটিলতা সম্পর্কে জানলেও যৌন সমস্যা নিয়ে তারা অজ্ঞ থাকে। এই নিয়ে অনেক সময় দাম্পত্য কলহ এমনকি বিবাহবিচ্ছেদের মত ঘটনা ঘটে থাকে। তাই ডায়াবেটিস রোগীদের এই সমস্যা থাকলে তা নিয়ে খোলামেলা আলোচনা করা উচিৎ। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে পুরুষদের স্নায়ুর কার্যক্ষমতা হ্রাস পাওয়া, রক্তনালী বন্ধ হয়ে যাওয়া এবং পুরুষ হরমোন ঘাটতিজনিত কারণে এই সমস্যা হয়। তাছাড়া অনেকক্ষেত্রে যৌন দূর্বলতার কারণ খুঁজতে গিয়েও ডায়াবেটিস রোগ সনাক্ত হয়।

ডায়াবেটিসজনিত যৌনসমস্যা পুরুষ রোগীদের বেশী হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে শতকরা ৫০ ভাগ পুরুষ ডায়াবেটিক রোগী পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যায় ভোগে। অনেকক্ষেত্রে বিপরীতমুখী বীর্যস্খলনের মত সমস্যাও হতে পারে। মহিলা ডায়াবেটিক রোগীদের যৌনসমস্যা পুরুষদের মত নয়। কিছুটা ভিন্ন ধরনের। মহিলা রোগীদের যৌন আকর্ষণ অপরিবর্তিত থাকে, কিন্তু শতকরা ৩৫ ভাগ মহিলা চরম তৃপ্তি না আসার সমস্যায় ভোগে থাকে। এই সমস্যা সাধারণত রোগের তীব্রতা, সময়কাল, ঔষধ ও ঔষধের মাত্রা এবং অন্যান্য জটিলতার তীব্রতার উপর নির্ভরশীল নয়। এই সমস্যা সাধারণত ডায়াবেটিসজনিত অবসাদ এবং স্নায়ুবিক দূর্বলতার কারণে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিক মহিলাদের যৌনাঙ্গে ছত্রাকজনিত সমস্যাও থাকতে পারে। কিছুকিছু মহিলা রোগীর যৌনাঙ্গে পিচ্ছিলতা হ্রাস পায়।