রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে প্রভাতের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

নানা আয়োজনে চাঁদপুরে পালিত হয়েছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান পাটওয়ারী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন গাজী, প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি আইনূর নাহার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার মতো একটি নাম হচ্ছে প্রভাত। সংগঠনটির সূচনাতে ভেবেছিলাম হয়তো কয়েক বছর কার্যক্রম পরিচালনা শেষে তাদের সংগঠন বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমরা তা দৃঢ়ভাবে লক্ষ্য করে এসেছি প্রভাত তার নিজ গতিতে হাঁটি হাঁটি পা পা করে ৮ বছর শেষ করে ৯ বছরে পদার্পণ করেছে। আমরা সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। মানবসেবায় নিয়োজিত এ স্বেচ্ছাসেবী সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা। সংগঠনের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জুয়েল হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, সদস্য জাহিদুল ইসলাম আকাশ।

সফলতার আট বছর পেরিয়ে নয় বছরে পদার্পণের এই শুভ ক্ষণে দুইজন অসহায় নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে এদিন একজন থ্যালাসেমিয়া রোগীকে চাঁদপুর সদর হাসপাতালে একব্যাগ বি পজেটিভ রক্ত প্রদান করেন। পরে উপস্থিত সকল সদস্যের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় কেক কেটে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন আমন্ত্রিত অতিথি সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের একঝাঁক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।