,

নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি : ইসি রাশেদা সুলতানা

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2023
news-image

অনলাইন ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে কমিশনের সব কার্যক্রম পুরোদমে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ রোববার (২০ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, আমাদের আসলে একটা চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোট করতে গেলে আমাদের যে ধরনের কাজ করতে হয়, সব শুরু করে দিয়েছি। অনেক কাজ এগিয়ে গেছে ও চলছে।

তিনি বলেন, প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষকদের ট্রেনিং করা লাগবে। এ জন্য ভোটকেন্দ্রের তালিকা করার খসড়া এসে গেছে। এখন ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা বিষয়ে তোড়জাড় শুরু হয়েছে। কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসার দিয়ে কয়েক লাখ লোকবল প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

এ নির্বাচন কমিশনার জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, পেশাদারত্ব বিবেচনায় নীতিমালা মেনে কাজ করতে হবে। আগের মতো সবাইকে পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। সেপ্টেম্বর-অক্টোবর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে।