বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব: মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব বলে মনে করছে বিএনপি। দলটি বলছে, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ও জনগণের মালিকানার প্রতিফলন ঘটে নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে নির্বাচন, জাতীয় ঐক্য ও সংস্কার ইস্যু নিয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনগত ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। বিদ্যমান ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এই দেশ ও দেশের মানুষের মূল চালিকাশক্তি। এই ঐক্যকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না, যাতে এই ঐক্য বিনষ্ট হয়। তাই অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক সুবিধা দিতে সরকারের কর্মপরিকল্পনা যেন প্রভাবিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। ‘নির্বাচন আগে সংস্কার পরে’ বা ‘সংস্কার আগে নির্বাচন পরে’— এমন অনাবশ্যক বিতর্কের কোনো প্রয়োজন নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি করা যেতে পারে, যা নির্বাচিত সরকার পরবর্তীতে বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের করণীয় হলো একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচিত সরকারই জনগণের কাঙ্ক্ষিত সংস্কারসমূহ সম্পন্ন করতে সক্ষম হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করার নানা লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো বিষয়গুলো প্রস্তাব আকারে আসার পরিবর্তে প্রশ্ন আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন, প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কি না? হ্যাঁ বা না বলুন। কিন্তু প্রথমে সিদ্ধান্ত নেওয়া দরকার যে, গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কি না। একইভাবে ‘গণভোট’, ‘গণপরিষদ এবং আইন সভা’র মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কি না— এমন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বলতে বলা হয়েছে। সংবিধানের ‘প্রস্তাবনা’র মতো গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটে ৭০টির মতো প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশ সংখ্যা প্রায় ১২৩টি। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনে ১৫০টির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র ২৭টি বিষয় উল্লেখ করা হয়েছে, যার অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট। তাই আমরা মনে করছি, স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার ওপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে।

তিনি আরও বলেন, সুপারিশমালা পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, এতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সুপারিশমালায় সাংবিধানিক কমিশনসহ (এনসিসি) নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এসব কমিশনের এখতিয়ার ও কর্মকাণ্ডের বর্ণনায় মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব দুর্বল ও ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ও জনগণের মালিকানার প্রতিফলন ঘটে নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে, রাজনীতিবিদদের অপাংতেয় করে অনির্বাচিত ব্যক্তিদের দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মবোধকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার ও সাংবিধানিক সংশোধনী প্রণীত হওয়া বাঞ্ছনীয় বলে মনে করছে বিএনপি।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার। বৃহত্তর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল সংস্কার প্রচেষ্টা পরিচালিত হবে, এটাই জাতীয় প্রত্যাশা।