ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানচাপায় নিহত প্রকৌশলীর স্ত্রী
ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী তানজিলা আক্তার নামের এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানজিলা আক্তার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূঁইয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলা আক্তার স্বামী আমজাদ হোসেন ভূঁইয়ার মোটরসাইকেলযোগে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাস করতে যাচ্ছিলেন। পথে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পেছন দিকে ধাক্কা দেয়। এতে তানজিলা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান।
এ সময় কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।