,

‘মৃত তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই ফিরে আসবে না’

আজকের কুমিল্লা ডট কম :
December 3, 2017
news-image

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মৃত তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই ফিরে আসবে না। তাছাড়া নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, মৃত তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই ফিরে আসবে না। আপনি অনেক বড় আইনজীবী। অনেক ভালো করেই জানেন, সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না। নির্বাচন হবে ইসির অধীনে। নির্বাচনে আসুন। একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বিদেশে অর্থপাচারের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে খালেদা জিয়ার পরিবারের হাজার হাজার কোটি টাকা ধরা পড়েছে। এখন (বিএনপি মহাসচিব) মির্জা ফখরুলদের মুখ বন্ধ।
তারা কোনো কথা বলছেন না, কারণ এটা বিদেশে ধরা পড়েছে, তাই।

সরকারের প্রতি আবেদন জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদার পরিবারের বিদেশে পাচারকৃত সব টাকা বাজেয়াপ্ত করে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হোক।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক জোটের সহ-সভাপতি আসরারুল হাসান আসুল। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ।