,

মেসি-সেমেদোর গোলে জিরোনার বিপক্ষে বার্সার জয়

আজকের কুমিল্লা ডট কম :
January 28, 2019
news-image

 

স্পোর্টস ডেক্সঃ

লিওনেল মেসি ও নেলসন সেমেদোর গোলে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। যদিও ম্যাচের দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলেছে জিরোনা।

নবম মিনিটে নেলসন সেমেদোর গোলে এগিয়ে যায় বার্সা। মেসির পাস জর্দি আলবা পেলে সেখান থেকে স্পেনের এই তারকা সেমেদোর কাছে ক্রস করেন। পরে বটম কর্নার থেকে শট করে গোল আদায় করে নেন এই ডিফেন্ডার।

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বার্সা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভালভার্দের দল।

বিরতির পর শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় জিরোনা। ৫১ মিনিটে দলটির ফুটবলার এস্পিনোসা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

প্রতিপক্ষকে ১০ জন পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সা। ফল পেতেও খুব সময় লাগেনি সফরকারীদের। ৬৮ মিনিটে সেই আলবার পাস থেকে বল পেয়ে গোল করে বসেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৯টি গোল করলেন মেসি।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভালভার্দের দল।

২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে বার্সা।