,

লাকসামে ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠানে চুরি: মূলহোতা সাদ্দাম গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 17, 2022
news-image

স্টাফ রিপোর্টার :
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ‘ভাইয়া গ্রুপ’ এর মালিকাধীন কুমিল্লার লাকসামে ‘মাসুম টেলিকম প্রতিষ্ঠানে এক চুরির ঘটনায় অবশেষে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদ্দামকে আটক করেছে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ মার্চ  রাতে লাকসাম দৌলতগঞ্জ উত্তর বাজারস্থ লাকসাম থানার ৩শ’গজের মধ্যে দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান ‘ভাইয়া গ্রুপ’ এর মালিকাধীন ‘মাসুম টেলিকমে’ এক বড় ধরনের চুরির ঘটনা ঘটে। চোর চক্র অভিনব কায়দায় জানালার লোহার গ্রীল কেটে ভবনের দ্বিতীয় তলায় মাসুম টেলিকম, তৃতীয় তলায় সাফওয়ান সেন্টার ক্যাশ এবং চতুর্থ তলায় ভাইয়া গ্রুপের কর্পোরেট শাখার বিভিন্ন অফিসের মালামাল তছনছ করে নগদ ২১ লাখ ২ হাজার ৫২০ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরিকৃত মালামালের মধ্যে রয়েছে, নগদ ২১ লাখ ২ হাজার ৫২০ টাকা, গ্রামীনফোনের ১০, ১১, ১৯, ২০, ২৪, ২৯ টাকা মূল্যের ১৪ লাখ ১৩ হাজার ৭০৩ টাকার ডাটা ও ভয়েস কার্ড।

এ ঘটনায় গত ৭ এপ্রিল প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মাকছুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২৪ এপ্রিল লাকসাম থানায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। যার নং- ১১/৫০, ধারা ৪৬১/৩৮০, পেনাল কোর্ট।

মামলা দায়েরের পর দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে কয়েকজন পরিকল্পনাকারীর নাম উঠে আসে। তাদের মধ্য থেকে আদালতের নির্দেশে মন্টি নামক একজনকে রিমান্ডে নিলে সে ঘটনার মাস্টার মাইন্ডকারী সাদ্দামের নাম প্রকাশ করে।

যার প্রেক্ষিতে  পুলিশ সাদ্দামকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। ১৫ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযানের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর থেকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিশেষ মহল থেকে তদবির চলছে বলে বিশেষ সূত্রে জানা যায়।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় সাদ্দামকে গ্রেফতারের আগে আরো ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নিকট থেকে ১৫ হাজার টাকার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য যাছাই-বাছাই চলছে।

এদিকে  লাকসাম বাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ি জানান, সাদ্দাম গ্রেফতার হওয়ায় আমরা খুশি । পাশাপাশি তিনি তার দৃষ্টান্ত মূলক  শাস্তিও দাবী করেন এবং এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অন্যান্য অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। তিনি আরো বলেন, অন্যদের শাস্তি না হলে অন্যান্য ব্যবসায়ীদেরও এমন অনাকাঙ্খিত ঘটনার শিকার হতে পারে বলে তারা জানান।

লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েস বিষয়টি অবগত আছে জানিয়ে বলেন, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে চুরি-ডাকাতি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।