লাকসামে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে লাকসাম থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, অ্যাডভোকেট বদিউল আলম সুজন প্রবাসী ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।