,

কুমিল্লায় রাতের অন্ধকারে এক যুবকের উপর হামলা

আজকের কুমিল্লা ডট কম :
November 30, 2018
news-image

চান্দিনা প্রতিনিধি.
চান্দিনায় রাতের অন্ধকারে নির্মল চন্দ্র দে (৩৮) নামে এক যুবকের উপর হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই হামলার ঘটনা ঘটায়। এতে ওই যুবকের মাথায় ৬টি ও হাতে ৫টি সেলাই করতে হয়। বুধবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহত নির্মল চন্দ্র দে ওই গ্রামের মৃত হারাধন চন্দ্র দে এর ছেলে।

এদিকে ওই ঘটনায় বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় আহতের ভাই রতন চন্দ্র দে বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত নির্মল চন্দ্র দে সাংবাদিকদের জানান,‘ বুধবার রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় অন্ধকারে ২জন লোক এসে আমাকে এলোপাথারী মারতে থাকে। এক পর্যায়ে তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় ও হাতে আঘাত করে।’

নির্মল চন্দ্র দে আরও জানায়, ‘আমি গ্রামে দোকানদারী করি। গত ২৪ নভেম্বর আওয়ামীলীগের দলীয় নমিনেশন কে পাবে ? এমন কথা নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের আবু তাহের এর সাথে। এসময় সে আমার সাথে খারাপ আচরণ করে। ধারণা করছি আবু তাহের সহ অপর আরেক জন আমার উপর ওই হামলা করেছে।’
খোঁজ নিয়ে জানা যায়, আহত নির্মল চন্দ্র দে এবং আবু তাহের কেউ রাজনৈতিক দলের পদ পদবীতে নেই। তবে অভিযুক্ত আবু তাহের এর সাথে কথা বলা যায়নি।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত নির্মল ও আবু তাহের এর মধ্যে নমিনেশন নিয়ে বিতর্ক হয়েছিল। বুধবার রাতে যে হামলা হয়েছে তাতে নির্মল চন্দ্র দে এর মাথায় ৬টি ও হাতে ৫টি সেলাই লেগেছে। তবে রাতের অন্ধকারে হামলাকারীদেরকে চিহ্নিত করতে পারেনি আহত নির্মল।