সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে
ডেস্ক রিপোর্ট:
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। সেখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জাতীয় নেতৃবৃন্দ।
এর আগে শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৫ মিনিটে গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, বেলা ১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ গুলশান থেকে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তার মরদেহ সংসদে নেওয়ার সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আবদুল মুহিতের মরদেহ সড়ক পথে সিলেট নেওয়া হবে। রোববার সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।