,

মুরাদনগরে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 9, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে ৯ নভেম্বর মুরাদনগর উপজেলার বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি এবং মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দীন ভূঞা জনী।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগণ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ জাকির হোসেন, মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম ও স্কুল কমিটির সভাপতি আবু বকর সবুজ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল উদ্দিন। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।