,

ওমরাহ করে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ২ বাংলাদেশির মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2023
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে ওমরাহ হজ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সাগর জোমাদ্দার (২৩) ও তার দুলাভাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)। আজ রোববার সকালে নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার জানিয়েছে, সাগর ও তার দুলাভাই মোজাম্মেল সৌদি আরব প্রবাসী। তারা সৌদি আরবের আলগাছিমের উনাইযা নামক স্থানে কাজ করতেন। গত বৃহস্পতিবার তারা ওমরাহ হজ পালনের জন্য মক্কায় যান। ওমরা হজ পালন শেষে গতকাল কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহত সাগরের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার বলেন, ‌‘তাদেরকে তো আর ফিরে পাব না, অন্তত কবর যেন বাড়িতে দিতে পারি। তাই আমার ভাইয়ের ও দুলাভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।’