ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়িসহ গরু ডাকাতি
ঢাকা-চট্টগ্রাম সড়াসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে গাড়িচালককে বেধে ও মারধর করে ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত চক্র। এসময় গাছের সাথে বেধে চালক ও হেলপারকে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার বালুজুড়ি নামক স্থানে। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাট রওনা করে। বৃহস্পতিবার ভোরে ট্রাকটি চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে ৮/১০ জনের একদল ডাকাত পিছন থেকে গরু বোঝায় ট্রাকটি ধাওয়া করে ব্যারিকেড সৃষ্টি করে চালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটি ডাকাত দলের নিয়ন্ত্রণে নেয়।
পরে ডাকাতদল ট্রাকটি উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ীর সামনে নিয়ে ডাকাতদের বহনকৃত একটি পিকআপে ১০টি গরু নিয়ে চালক আক্রাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে চলে যায়।
ভোরবেলায় স্থানীয়রা খালি ট্রাক ও চালকদেরকে গাছে বেঁধে রাখা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করে।
ট্রাক চালক আক্রাম হোসেন বলেন, আমি আজ (বৃহস্পতিবার) ভোর অনুমান ৩ ঘটিকায় চৌদ্দগ্রামের বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান এসে আমার গরু বহনকৃত ট্রাকটির সামনে দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে।
এ সময় ৮/১০ জনের একদল ডাকাত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে তারা ফেলনা মোল্লা বাড়ীর সামনে গিয়ে আমাকে ও আমার সহকারী দেলোয়ারকে গাছের সাথে বেঁধে গরুগুলো তাদের ব্যবহৃত পিকআপে করে নিয়ে চলে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, সকাল বেলায় ফেলনা গ্রাম থেকে স্থানীয়রা পুলিশে খবর দেয় দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কে বা কাহারা গাছের সাথে বেঁধে রেখেছে এবং একটি খালি ট্রাকও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং খালি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পরে ট্রাকের চালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেন বলেন, ডাকাত দল তাদের বহনকৃত গরু বোঝাই ট্রাকটি ফেলনা গ্রামে নিয়ে যায় এবং সেখান থেকে ডাকাতদের ব্যবহৃত পিকআপে করে ১০টি গরু নিয়ে যায়।
এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ওসি আরো বলেন, এ ঘটনার পরই পুলিশ লুট হওয়া গরু গুলো উদ্ধার ও অজ্ঞাতনামা ডাকাতদলকে সনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।