মাদক ও পরীক্ষায় নকল বন্ধ করতে পারলে সফল দেশ গড়তে সহায়ক হয় : কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন
ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা:
মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক অপরাধ সামাজিক অবক্ষয়। একটি দেশের যুবসমাজকে ধ্বংস করতে হলে পরীক্ষা নকল ও মাদকই যথেষ্ট। তাই মাদকমুক্ত ও পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই একটি দেশ সফলতার পথে অনেক দূরে এগিয়ে যায়।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা পুলিশ লাইন সেমিনার কক্ষে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। শীঘ্রই মাদকের বিরুদ্ধে কঠোর আইনপ্রয়োগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, মাদক কারবারিদের চিহিৃত করে পুলিশকে তথ্য দিয়ে সবাই যার যার অবস্থান থেকে সহায়তা করতে হবে। আগামী ১৮ তারিখ থেকে মাদককারবারি কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বক্তব্যে বলেন, মাদক হচ্ছে সকল অপরাধের সুতিকাগার। এটা নির্মূল করতে পারলে সকল অপরাধ কমে যাবে। তাই মাদক নির্মূল করাই আমাদের প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ।

পরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকবিরোধী র্যালিতে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।