,

কুমিল্লায় মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় নারীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2026
news-image

শরীফুল ইসলাম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দ্রুতগতির বাস চাপায় রোকেয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ বাস স্টেশন এলাকায় মহাসড়ক পারাপারের সময় ফুটওভার ব্রিজের নিচেই চট্টগ্রামমুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম একই উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্ৰামের বাসিন্দা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোকেয়া বেগম একটি লোকাল বাস থেকে ইলিয়টগঞ্জ বাস স্টেশনে নামেন। পরে ইলিয়টগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে মাথার ওপর ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও নিচ দিয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘এশিয়া ট্রান্সপোর্ট’-এর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায় ।

থানায় কান্নায় ভেঙে পড়ে নিহতের মেয়ে লিপি আক্তার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত থানায় আসি। আমার বড় বোন গৌরীপুরে থাকেন, সেখান থেকে মা নিজের বাড়ি ফিরছিলেন। ইলিয়টগঞ্জ বাস স্টেশনে নেমে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া বাসটি আমার মাকে কেড়ে নিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্য পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।