দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট দিল পৌরসভা
সাইফুল ইসলাম ফাহাদ:
কুমিল্লার দেবিদ্বারে ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছে দেবিদ্বার পৌরসভা। পৌরসভার অর্থায়নে এসব কিট ও সামগ্রী সরবরাহ করা হয়েছে, যার মাধ্যমে ১ হাজার ৫২০ জনের ডেঙ্গু পরীক্ষা করা সম্ভব হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দেবিদ্বার পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিনের উপস্থিতিতে ডেঙ্গু পরীক্ষার কিট ও প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কবির হোসেন।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ডেঙ্গুর সংক্রমণ ও ঝুঁকি বিবেচনায় সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজে ডেঙ্গু পরীক্ষা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করানো আরও সহজ হবে।
পৌরসভার অর্থায়নে সরবরাহ করা এসব কিটের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণেও এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।