All posts by jitu

নগরীর নিউমার্কেটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সোহাগ (৩০) নামের এক প্রিন্টিং ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের গোরফান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে সোহাগ তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি ফোনে কথা বলতে বলতে মেশিনের উপর পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি।এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

রিমঝিম শৈশব

-রেজাউল করিম (সাকিব)

মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি
বৃষ্টি ভেজা পাতায় পাতায়
বৃষ্টি ভেজা ফুল

উষ্ণ চায়ের কাপে, জানালার পাশে

চায়ের চুমুকে
বৃষ্টির সুরে আনন্দ উৎসবে
কত ভালোলাগা এই জানালার বাহিরে

পুকুরের বৃষ্টি পড়া টিপটপ শব্দে
মনে পড়ে বৃষ্টির দিনের
শৈশবের আনন্দে কটানোর কথারে

বৃষ্টির রিমঝিম শব্দে ফুটবল খেলা
বৃষ্টির পানিতে মাছ ধরা
কদম ফুল সাথে খেলা

পুকুরে সাতারে,
গাছে উঠে পুকুরে লাফিয়ে পড়ে
কত হাসি কত আনন্দ
শৈশবের বৃষ্টি ভেজা দিন গুলোরে

মনে পড়ে এই জানার পাশে বসে
উষ্ণ চায়ের চুমুকে,
রিমঝিম বৃষ্টি এই দিনে

আহা
এই প্রজন্মের শৈশব কাটছে
মোবাইল চালিয়ে
আমাদের সুন্দর শৈশব হারিয়ে গেছে
প্রায়। আধুনিক নামের অসুস্থ সংস্কৃতিতে

আমাদের শৈশব ছিলো
বৃষ্টি ভেজা ফুলের মতো সুন্দর

কুমিল্লা সদরে ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুন) সকালে সদরের অরন্যপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কুমিল্লা সদরের অরন্যপুর এলাকার মৃত. রওশনের ছেলে মোঃ সোহেল (৩০) এবং গাজীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভয়ের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সড়কের পাশে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটিতে চাপা পড়ে এসিআই ফার্মাসিউটিক্যালসের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে।

নিহত তানভির হোসেন (২৯) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বর্ধন বাড়ির নুরুল ইসলামের ছেলে। সে এসিআই ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় কর্মরত ছিল।

বুধবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারের উদ্দেশ্যে রহওয়ানা দেয় তানভির। ওই সময় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথায় পৌঁছলে সড়কের পাশে থাকা পিডিবির বৈদ্যুতিক খুঁটি নিচে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এসিআই ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক সুহাশ মুজাহিদ জানান, নয় মাস আগে সোনাপুর এরিয়াতে এসিআইয়ের মেডিকেলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগদান করে সে। বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বৈদ্যুতিক খুঁটিকে আরেক খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়। ঠেক দেওয়া খুঁটি পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুন) সকাল সাতটায় মিয়াবাজার হাইওয়ে থানার এসআই টিপু রায় এর নেতৃত্বে এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩টি ট্রাভেল ব্যাগে সংরক্ষিত মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজাগুলো মহাসড়কের পাশের ঝোপে রেখে পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ কাউছার জানান, উপজেলার বাবুচি এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কের পাশের ঝোপ থেকে ৩টি ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গাঁজাগুলো আদালতে প্রেরণ করা হয়েছে।’

নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা ,আটক ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল সদর উপজেলায় নিজেদের বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করে। তবে এই হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

বুধবার (১৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কোচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় বাসার মালিকের স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ডুকে কুপিয়ে হত্যা করে। মালিকের স্ত্রী নূর নাহার বেগমঘ টনাস্থলে মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ওই স্থানীয় এলাকাবাসী এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামী সহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পুলিশের পৃথক মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা করেছে পুলিশ। বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সদর মডেল থানার দুই এসআই বাদী হয়ে মামলাগুলো করেন।

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার বিকালে জেলা শহরের টিএ রোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। মিছিল শেষে তারা কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের যুগ্ম আহবায়ক কাউসারের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।

শনিবার রাতে শহরের কান্দিপাড়ায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটির নেতারা পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এই খবরে পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা উল্টো তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে মামলা করে।

সোমবার (১২ জুন) সকালে শহরের লোকনাথ দিঘীর মাঠ থেকে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় একপক্ষ আনন্দ মিছিল বের করার ঘোষণা দেয়। একই সময় ও স্থানে আওয়ামী সরকারের দুর্নীতি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা। এমন পরিস্থিতিতে নতুন কমিটি তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করে শহরতলীর বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজন করে। সকাল থেকে নেতা-কর্মীরা মিছিলে অংশ নিতে বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। এই খবরে পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় হামলা করে। এ সময় প্রায় অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছুড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুটি মামলার একটিতে ৪৯ জনের নাম উল্লেখস আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

আল-আকসা মসজিদকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে বিভক্ত করার পরিকল্পনা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে দুই ভাগ করার প্রস্তাব উত্থাপন করেছেন ইসরাইলের লিকুদ পার্টির সংসদ সদস্য অমিত হালেভি।

এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিন। পাশাপাশি তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিসরের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দিয়েছে তারা।

আরব নিউজের খবরে বলা হয়, কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি ইসরাইলকে সতর্ক বার্তা দিয়েও থামানোর চেষ্টা করছে ফিলিস্তিন।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ ইসরাইলি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন কিছু বাস্তবায়ন করা হলে যে পরিণতি হবে তা নিয়ন্ত্রণের ক্ষমতা নেই ইসরাইলের।

রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে ইসরাইলের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই পদক্ষেপ এমন ক্ষোভের সৃষ্টি করবে এবং এর যা পরিণতি হবে তা আগে থেকে ধারণা করার কোনো সুযোগ নেই। ফিলিস্তিনিদের কাছে আল-আকসা মসজিদের যে ধর্মীয় গুরুত্ব রয়েছে তার কোনো তুলনা হয় না।

তিনি আরব, ইসলামিক ও আন্তর্জাতিক বিশ্বকে ইসরাইলের এমন প্রচেষ্টার নিন্দা জানানোর আহবান জানান। পাশাপাশি ইসরাইলকে যেনো নিষেধাজ্ঞার আওতায় আনা হয় সেই আবেদনও করেন তিনি।

এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধকামী কয়েকটি সংগঠনের ঐক্যজোট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল পবিত্র আল-আকসা মসজিদকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে বিভক্ত করার যে ঘৃণ্য পরিকল্পনা নিয়েছে তা প্রকৃতপক্ষে যুদ্ধ ঘোষণার শামিল।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধকামী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরাইলের লিকুদ পার্টির সংসদ সদস্য অমিত হালেভি আল-আকসা মসজিদকে বিভক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন তাতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবারো অবনতির দিকে নিয়ে যাবে। ইসরাইল এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে পশ্চিম তীরে ইহুদিবাদ বিরোধী বিস্ফোরণ ঘটবে।

লিকুদ পার্টির সদস্য আমিত হালেভি এই প্রস্তাব উত্থাপন করেন। শিগগিরই ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এই বিল তোলা হবে বলেও জানা গেছে।

গণমাধ্যমে ব্যাপক প্রচারে আমরা যক্ষ্মা ভয় থেকে জয় করতে পেরেছি: কুমিল্লায় নাটাবের বক্তারা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলার উদ্যোগে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) নগরীর কান্দিরপাড় এলাকার  একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাটাব কুমিল্লার সহ-সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ । অনুষ্ঠানে রির্সোস পার্সন হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালট্যান্ট ডা: মিজানুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটাব কুুমিল্লার নির্বাহী সদস্য অধ্যাপক ডা. আতাউর রহমান, নাটাব কুমিল্লার যুগ্ম সম্পাদক আলী আকবর মাসুম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমীন রীমা,কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, নাটাবের কমিউনিকেশন অফিসার বিচিত্র চন্দ্র দাস , ফিল্ড অফিসার মাসুদ হাসান প্রমুখ।

কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মিজানুর রহমান প্রবন্ধ উপস্থাপন করে বলেন,কুমিল্লায় জিনস্পার্ট মেশিন , এক্স-রে মেশিন , দক্ষ ল্যাব টেকনিশিয়ান, সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছে। বক্ষব্যাধি ক্লিনিক ও ব্র্যাকের সহযোগীতায় ফ্রি সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, নাটাব যক্ষ্মারোগ প্রতিরোধে কাজ করছে। আধুনিক উন্নত চিকিৎসার ফলে যক্ষ্মারোগ আজ অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। তবে নির্মূল হয়নি, তাই সবাইকে সচেতন হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহ যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী থেকে পৃথক বিছানায় থাকতেন। সে সময় যক্ষ্মার চিকিৎসা উন্নত ছিলো না। এ সময়ে যক্ষ্মার চিকিৎসা উন্নত। বাংলাদেশে যক্ষ্মার সকল সেবা বিনামূল্যে পাওয়া যায়। তাই যক্ষ্মা নিয়ে কোন ভয় নেই। এটি গণমাধ্যমে ব্যাপক প্রচারে আমরা যক্ষ্মা ভয় থেকে জয় করতে পেরেছি। তাই যক্ষ্মা নিরোধে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য।

সভায় অতিথিরা আরো বলেন, তামাকে ব্যবহার বা ধূমপান যক্ষ্মার অন্যতম কারণ। একজন ধূমপায়ী অন্য একজন ধূমপায়ীকে প্রকাশ্যে ধুমপাত করতে নিষেধ করেন। এটা নাটাবের অবদান। ধূমপানে সচেতনতা তৈরি করেছে নাটাব।

বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে: কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসুক বা না আসুক, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে কলা খাচ্ছে। এ দুঃস্বপ্ন দেখে লাভ নেই। মঙ্গলবার (১৩ জুন) হাজারীবাগ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের সময় শেষ’- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সময়টা কবে শেষ? এই শেষটা কবে হবে? গত ১৪ বছর ধরেই একই কথা বলছে বিএনপি।

লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, লোডশেডিং একেবারেই বন্ধ হবে। নিত্যপণ্যের দাম ও সংকট কমে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভাবেন, যা অন্য কেউ ভাবে না। জ্বালানি সমস্যা সমাধানেও প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে গেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অর্জনে মানুষ খুশি হলে বিএনপির মন খারাপ হয়। বিদেশিদের কাছে গিয়ে লাফালাফি করে ব্যর্থ হয়েছে বিএনপি। যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ হবে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, দুই সিটি নির্বাচনে মানুষের অংশগ্রহণে বিএনপি হতাশাগ্রস্ত। তারা দুঃস্বপ্ন দেখেছিল যে সাধারণ মানুষও ভোট বর্জন করবে। আওয়ামী লীগ পরাজিত হলে বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এছাড়া কখনোই তারা সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করবে না।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উচ্চ আদালত। উন্নত বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো আজব সরকার আর কোথাও নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে কলা খাচ্ছে। তারা বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানুষ পোড়াবে, দেশে বিশৃঙ্খলা করবে এমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রয়োজন নেই।