All posts by jitu

কাতারে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশের স্বাধীনতা দিবসে দূতাবাসের সংবর্ধনা

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দোহার লুসাইল বলরুম পাঁচতারা হোটেলে কাতার এর উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। কাতারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেখ ড. ফালেহ বিন নাসের বিন আহমেদ বিন আলী আল থানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগতিক দেশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, কূটনীতিক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্যরাসহ প্রায় চার শতাধিক অতিথী উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রাম, দূরদর্শী নেতৃত্ব এবং স্বাধীনতা যুদ্ধে তথা যুদ্ধ পরবর্তী দেশ গঠনে ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় নেতা এবং মুক্তিযোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কে সমর্থন দানকারী দেশ ও জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশকে ‘উন্নয়ন বিস্ময়’ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট উন্নত দেশে পরিণত করার সরকারের ভিশন তুলে ধরেন।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম কাতারের আমিরের নেতৃত্বে উন্নয়ন, কূটনীতি, ক্রীড়া, আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে কাতারের অনুকরণীয় সাফল্য তুলে ধরেন। তিনি কাতারে প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির আমির ও কাতার সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিন স্থানীয় আরবি দৈনিক আল-শার্ক বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাণী প্রকাশ করে আট পৃষ্ঠার একটি ক্রোড়পত্র প্রকাশ করে। দোহায় ৬ই মার্চ ২০২৩-এ অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ভাষণটিও ক্রোড়পত্রে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, মহান স্বাধীনতা, উন্নয়ন, সমৃদ্ধ ঐতিহ্য, দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি উপস্থাপন করে নৃত্য ও গান পরিবেশন করেন দোহা ভিত্তিক বাংলাদেশি শিক্ষার্থী ও গায়কবৃন্দ। ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারসহ বিভিন্ন ধরনের খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে ঘিরে অনিয়ম হয়েছে -এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে ঘোষিত দুই কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে বাতিলের দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা কুমিল্লা নগরীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস পাটোয়ারী, সহ-সভাপতি শিল্পী, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল আলম রুবেল , সহ-সভাপতি মাসুদ রানা টিপু , সহ-সভাপতি জহিরুল ইসলামসহ কবির, বাবুল, দিপু শওকত, বাবুল, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু ,দপ্তর সম্পাদক মো: ইউসুফ প্রমুখ।

নগরীর ঢুলিপাড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় মূল আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে হত্যার প্রচেষ্টা মামলায় মূল আসামী শাহআলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বোন শিরিন আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা রুজু হলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মঙ্গলবার (২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে চর্থা থিরাপুকুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় শাহ আলমকে গ্রেফতার করে।

শাহ আলম (৩৫) নুরু মিয়ার ছেলে বলে জানা যায়। এ মামলার এজাহার নামীয় ০৩ নং আসামী ইয়াসিন (২৮), পিতা- সালেক মিয়াকে ঘটনার রাতেই গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও আহত ছাত্রলীগ নেতার পরিবার জানায়, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম তার সঙ্গীরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে হত্যার প্রচেষ্টা কুপিয়ে গুরুতর আহত করে। আহত ছাত্রলীগ নেতা সুজন ঢুলিপাড়া এলাকায় ফরিদ উদ্দিন আহামেদের ছেলে।

স্থানীয়রা জানায়, ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ মিলে মাদকের বিরুদ্ধে সভা করে। মাদকের বিরুদ্ধে সভা করার জের রোববার দুপুরে ঢুলিপাড়া চৌমুহনীতে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজনের উপর হামলা করে নগরীর দক্ষিন চর্থা থিরাপুকুর এলাকার নুরু মিয়ার ছেলে শাহ আলম নামের এক মাদক কারবারি ও তার সঙ্গীরা। হামলায় সুজনের পেটে এবং হাতে মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়।

কুমিল্লা জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘিরে অনিয়মের অভিযোগ

ইমতিয়াজ আহমেদ জিতু:
বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অন্তত তিনটি বড় ধরণের অনিয়ম হয়েছে এই দুই কমিটির পদ নিয়ে-এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা। ফলে কুমিল্লার বিএনপিতে আবারো কোন্দল ও বিভক্তি শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে।

এদিকে মঙ্গলবার বিকেলে ঘোষিত দুই কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে বাতিলের দাবিতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা কুমিল্লা নগরীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

এই কমিটি ঘোষণার পরে মাঠের বিভিন্ন সূত্র দাবি করছে- এই দুই কমিটি মূলত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু গ্রুপের প্রতিনিধিত্ব করছে। অপর দিকে সাবেক কুসিক মেয়র, বিএনপি থেকে পদ হারানো মনিরুল হক সাক্কু ও মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু সমর্থিত নেতাকর্মীরা এই দুই কমিটির ঘোষিত পদে জায়গা পায়নি। এতে করে একটি কোন্দলের আর্বিভাব হয়েছে। এই কমিটিগুলো ঘোষণার জের ধরে বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

১ মে ঘোষিত হয় দুই কমিটি। কুমিল্লা দক্ষিণ জেলা শাখা যুবদলের আহ্বায়ক পদে মো: আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব ও সদস্য সচিব পদে ফরিদ উদ্দিন শিপলু রয়েছেন। এদিকে মহানগর যুবদলের আহ্বায়ক পদে ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব পদে রোমান হাসান রয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পূর্ণ করে কেন্দ্রিয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নির্দেশ দিয়েছেন।

তৃণমূলের নেতাকর্মীরা জানান, এই দুই কমিটিতে সক্রিয় ও যোগ্য অনেকেই জায়গা পান নি। বিশেষ করে তিনটি অনিয়ম হয়েছে। ঘোষিত মহানগর যুবদলের সদস্য সচিব পদে স্থান পাওয়া রোমান হাসান (ইউসুফ মোল্লা টিপু গ্রুপ সমর্থিত)মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক পদে আছেন। যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি স্বেচ্ছাসেবক দল থেকে যুবদলে পদ পেতে পারেন না। অপরদিকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিপলুকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদে রাখা হয়েছে। শিপলু মাঠের সক্রিয় কর্মী হলেও মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজকে বাদ দিয়ে শিপলুকে স্থান দেওয়ার বিষয়টি অনিয়ম বলেই ধরে নিচ্ছেন নেতাকর্মীরা।এছাড়া ফয়সালুর রহমান পাভেল মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটিতে বদরুল হাসান রাব্বুর পরের অবস্থানে ছিল। তিনি মহানগর যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন। কিন্তু রাব্বু কমিটিতে স্থান পাননি। এসব বিষয়গুলোকে অনিয়ম হিসেবেই দেখছেন নেতাকর্মীরা।

এই দুই ইউনিটের বড় পদে সদ্য বিলুপ্ত মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক বদরুল হাসান রাব্বু (সাক্কু সমর্থিত), মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ (আবু সমর্থিত), জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির (আবু সমর্থিত), মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু (আবু সমর্থিত),মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: শরীফ উদ্দিন বাহার (সাক্কু সমর্থিত), জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক সার্কিট (সাক্কু সমর্থিত) এবং মহানগর ছাত্রদলের সহসভাপতি আসিফ ইকবাল ফারিয়াল (সাক্কু সমর্থিত) অন্যতম প্রার্থী ছিলেন। কিন্তু তাদের কেউই কোন পদে জায়গা পায়নি।

স্থানীয় সূত্র জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের কমিটিতে যেহেতু উৎবাতুল বারী আবু সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা স্থান পায়নি, সেহেতু হাজী ইয়াছিন ও ইউসুফ মোল্লা টিপুর সাথে আবু ও তাঁর সমর্থিত নেতাকর্মীদের দূরত্ব বাড়বে বলে মনে করছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

গতকাল থেকে ফেসবুকে মনিরুল হক সাক্কু ও উৎবাতুল বারী আবু গ্রুপের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন।
কবির হোসেন ফেসবুকে লিখেছেন-
“ টাকার রাজনীতি, ঘামে রাজপথ না ভিজিয়ে এসি রুমে বসে টাকা কামিয়ে নেতাদের টাকা দিলেই পদ পাওয়া যায়।’’

সদ্য বিলুপ্ত মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক বদরুল হাসান রাব্বু জানান, ফয়সালুর রহমান পাভেল ভাই মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটিতে আমার পরে অবস্থান ছিল। তিনি মহানগর যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন। তিনি আমার পরে থেকে যদি আহ্বায়ক হয়ে যান, তাহলে আমি কি দোষ করলাম ? আমার স্থান কোথায় ? বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু ভাইয়ের রাজনীতি করি, এটাই কি অপরাধ আমার ? অনেক বহিস্কৃত নেতাই তো বিভিন্ন প্রোগ্রামে স্টেজে থাকে । সাক্কু ভাই দল থেকে বহিষ্কৃত হলেও অন্য কোন দলে যায় নি। এখনো দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নামে শ্লোগান দেয়। দলীয় সাংগঠনিক সকল কর্মকান্ডে তিনি সক্রিয়। আমি সর্বশেষ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪ হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছি। গ্রুপিং চিন্তে করে যদি যোগ্যদের এভাবে দূরে সরিয়ে দেওয়া হয়, তাহলে দল সাংগঠনিকভাবে শক্তি হারাবে।

এ বিষয়ে জানতে রিয়াজ উদ্দিন রিয়াজের মুঠোফোনে একাধিকবার কল করেও মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, সময়োপযোগি ও যোগ্য লোক দিয়ে কমিটি করা হয়েছে। তিনটি অনিয়মের বিষয়ে তিনি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিপলুকে প্রয়োজন মনে করেছে তাই নিয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দল করলেই যুবদলে যাওয়া যাবে না এমন কোন নিয়ম নেই। যারা এখন পদ পায়নি তারা ভবিষ্যতে পাবে। অনেকে পদ না পাওয়ার আশংকায় বর্তমান কমিটির সমালোচনা করছে। বিএনপি একটি বড় দল, তাতে একটু মনোমালিন্য , সু:খ-দু:খ , আবেগ থাকতেই পারে। দল ক্রমান্বয়ে সবার মূল্যায়ন করবে।

 

কুমিল্লা সদরে ১৫ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ১৫ কেজি গাঁজাসহ মাহফুজ (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

১ মে কুমিল্লা কোতয়ালী থানার এসআই(নিঃ)/ শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কোতয়ালী থানাধীন জান্নাত ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১৫ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

আটককৃত যুবক কুমিল্লার ধর্মপুর এলাকার খোকন মিয়ার ছেলে।

উক্ত বিষয়ে কোতয়ালী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ।’

সোমবার (১ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়। তবে নির্বাচনে জনমতের প্রতিফলন দেখতে চায় তারা।

প্যাটেল বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং সেই সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে ওয়াশিংটন আরও মনোযোগী।

তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। জলবায়ু বলেন, অর্থনীতি বলেন ও মানবিক সহায়তা বলেন প্রভৃতি ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে দুই দেশ।

কুমিল্লায় শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার কলেজ শিক্ষক সাইফুল আজম সুজনকে হত্যার ঘটনায় ছয় জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানায়, ২০১০ সালে কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার শিক্ষক সুজনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার দায়ে ৮ আসামির মধ্যে ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আট আসামির মধ্যে এক জনকে খালাস দেওয়া হয়েছে। আর একজন বিচারাধীন সময়ে মারা যান।

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. নয়ন, মো. কামাল ও মো. জামাল পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি মিঠুন, মো. ইলিয়াস ও জাকির হোসেন।

চান্দিনায় ৪০ কেজি গাঁজাসহ আটক সিহাব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ সাহাদাত হোসেন সিহাব (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ মে) ভোরে উপজেলার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত যুবক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাবুপুর শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

২৮ জুন ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। সেক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ঈদ হবে একদিন পর, ২৯ জুন।

দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াহ।

সৌদির জ্যোতির্বিজ্ঞান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি হিসেব করে জানা গেছে, ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ উদয়ের জোর সম্ভাবনা আছে। আরবি চান্দ্র বর্ষপঞ্জির এই শেষ মাসের দশম দিনে উদযাপন করা হয় ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ বা ঈদুল আজহা।

ইসলাম ধর্মের চতুর্থ স্থম্ভ হজের কারণে আরবি বর্ষপঞ্জিতে জিলহজ তাৎপর্যপূর্ণ একটি ‍মাস। এই মাসেই হজ করেন সামর্থ্যবান মুসলিমরা। ঈদুল আজহার দু’দিন আগে শুরু হয় হজ, শেষ হয় পশু কোরবানির মধ্যে দিয়ে।

যদি সৌদিতে এবার ২৮ জুন ঈদুল আজহা হয়, সেক্ষেত্রে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৬ জুন।