All posts by jitu

কমেছে পেঁয়াজের দাম

 

ডেস্ক রিপোর্টঃ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে একদিনের ব্যবধানে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। দেশের বিভিন্ন মোকামে চাহিদা কমে আসায় পাইকারি বাজারে কেজি প্রতি কমেছে ৬ টাকা। একদিন আগেও ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা দরে। এখন সেই পেঁয়াজ ১৯ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজনসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা ব্যবসায়ীরা।

সোমবার (০১ আগস্ট) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা গণেশ বর্মণ জানান, পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যার জন্য ১০ কেজি পেঁয়াজ কিনলাম। তবে পেঁয়াজের মান খুব একটা ভালো না। বেশি দিন রাখা যাবে না এসব পেঁয়াজ। পেঁয়াজের বাজার এই রকম থাকলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, বৃষ্টির কারণে পেঁয়াজের মান অনেকটাই খারাপ হয়েছে। যার জন্য হিলি স্থলবন্দরের মোকামে পেঁয়াজের দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে ক্রেতা অনেক কম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য গত ৫ জুলাই থেকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক করে পেঁয়াজ আসছে। আমদানিকৃত পেঁয়াজের ট্রাকে বৃষ্টির পানি প্রবেশ করায় পেঁয়াজ ভিজে যাচ্ছে। এ কারণে অনেক ট্রাক থেকেই খারাপ মানের পেঁয়াজ বের হচ্ছে। সেই জন্য কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আমদানি অব্যাহত থাকলে দাম স্বাভাবিক থাকবে।

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি রক্ষায় এক মাসে অর্ধশতাধিক অভিযান

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি রক্ষায় ড্রেজারবিরোধী অভিযানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। গত এক মাসে এ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এতে রক্ষা পাবে তিন ফসলি কৃষিজমি। চলমান এই অভিযানে উপকৃত হচ্ছেন স্থানীয় জমি মালিক ও কৃষকরা।

এদিকে জেলা প্রশাসকের নির্দেশে প্রতিদিনই অবৈধ ড্রেজারবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)। যার ফলে ড্রেজার সিন্ডিকেটগুলো অনেকটাই দুর্বল হয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রশাসনের নানামুখী তৎপরতার মাঝেও প্রভাবশালী সিন্ডিকেট দুই শতাধিক ড্রেজারে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করে আসছিল। এতে উপজেলার কৃষিজমি হুমকির সম্মুখীন হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান জোরদার করে উপজেলা প্রশাসন। গত একমাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি মিলে প্রায় অর্ধশতাধিক অভিযান পরিচালনা করে।

এদিকে সদ্য যোগদান করে সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল হুদা গত ১৫ কার্যদিবসে ৭০টি ড্রেজার মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা, দুজনকে ছয় মাস করে জেল, দুজনকে ১৫ দিন করে জেল দিয়েছে।

এ ছাড়া ৯টি মামলা দুটি জিডি করেছেন। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশও নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।

সবশেষ রোববার বিকালে উপজেলার বাবুটিপাড়া এবং যাত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ছয়টি ড্রেজার জব্দ এবং ২০০টি পাইপ নষ্ট করে দেওয়া হয়।

উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা এলাকার কৃষক আব্দুল মতিন বলেন, প্রশাসনের চলমান এ ড্রেজারবিরোধী অভিযানে আমাদের কৃষিজমি রক্ষা হচ্ছে। আমরা এ অভিযানকে স্বাগত জানাই এবং অভিযান যেন অব্যাহত থাকে সেই দাবি জানাই।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, অবৈধ ড্রেজার বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া, সম্প্রতি ড্রেজার সিন্ডিকেটের তৎপরতা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা অভিযান জোরদার করেছি। কৃষিজমি রক্ষায় আমরা এ অভিযান অব্যাহত রাখব।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫টার দিকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

ওসি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।

বাংলাদেশে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কাতার প্রবাসী আতিক

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা ও কাতার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম আতিক এর বাড়ি ঘর ভাংচুর ও সন্ত্রাসী হামলায় পরিবারের লোকজন আহত হওয়ায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কাতার আওয়ামী লীগ।

এলাকার শীর্ষ সন্ত্রাসী হারুন ও জামালের দ্রুত গ্রেফতার দাবী করে স্থানীয় সময় রবিবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাতার প্রবাসী ফয়জুল ইসলাম আতিক।

আতিক লিখিত বক্তব্য বলেন, কর্মসূত্রে আমরা তিন ভাই প্রবাসে থাকি, দেশের বাড়ীতে আমার পরিবার আর বৃদ্ধা মা রয়েছে, বাবা মারা গেছেন অনেক আগে। পরিবারে কোন পুরুষ সদস্য না থাকায় এলাকার শীর্ষ সন্ত্রাসী হারুন ও জামাল আমার পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে ও আমাদের জায়গাজমি দখলের চেষ্টা করে। সম্প্রতি দলবল নিয়ে আমার বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও পরিবারের লোকজনকে আহত করে।

বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তার চাই। সন্ত্রাসী হারুন ও জামালের দ্রুত গ্রেফতারের দাবী জানায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাজমুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রাহাদ, সাংগঠনিক সম্পাদক রবিনুর ইসলাম প্রমুখ।

নোয়াখালীতে গৃহবধূকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, টাকা আদায়

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় তার দ্বিতীয় স্বামীর সঙ্গে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ করে লুটপাট চালিয়েছে দুবৃত্তরা। ওই সময় দুবৃত্তরা ভুক্তভোগী গৃহবধূর ঘর থেকে নগদ ৮হাজার টাকা ও গোয়াল ঘর থেকে একটি গরু, ৩টি মোবাইল ছিনিয়ে নেয়।

গত সোমবার (২৬ জুলাই) রাতে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার ৬দিন অতিবাহিত হলেও ভয়ে ভুক্তভোগী দরিদ্র পরিবারটি বাড়ি থেকে বের হয়ে মামলা করতে পারেনি।পরিবারটি আতঙ্কে দিনাতিপাত করছে। ভয়ে মুখ খুলে কাউকে কিছু বলতে পারছেনা।

অভিযুক্তরা হলো, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোস্তাফিজুর রহমানের ছোট ভাই আবু বক্কর ছিদ্দিক তানভির (৩২) একই ওয়ার্ডের অজি উল্যাহ দপ্তরী বাড়ির অজি উল্যার ছেলে ওমর ফারুক (৩২) সুরুজ মিয়ার ছেলে রাজন (৩০) ও আজু মিয়ার বাড়ির নজির বেপারীর ছেলে আলতাফ ( ২৫)।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন,গত সোমবার ২৬ জুলাই রাত ১১টার দিকে তিনি তার পরিবারের সকল সদস্যসহ সবাই ঘরে ছিলেন। ওই সময় তিনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে কথা বলছিলেন। তখন চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের তানভির,ফারুক, রাজন,আলতাফ ও তাদের সাঙ্গপাঙ্গরা আমার বসত ঘরের দরজায় লাথি মারে। তাৎক্ষণিক আমি দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে আমার স্বামীকে কামালকে বেধড়ক মারধর করে পকেট থেকে নগদ ৫হাজার টাকা,আমার বিছানার নিচ থেকে ৩হাজার হাজার টাকা ও ৩টি মোবাইল ছিনিয়ে নেয়। এরপর পুনরায় আমার স্বামী কামালকে মারধর করে হামলাকারীরা ২ লক্ষ টাকা দাবি করে। শেষে ২লক্ষ টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে আনুমানিক ৭০হাজার টাকা মূল্যের একটি গরু লুট করে নিয়ে যায়। পরে তারা আমাকে এবং আমার স্বামীকে অর্ধউলক্ষ করে ভিডিও ধারণ করে। একপর্যায়ে আমার দুই মেয়ে তারা তুলে নেওয়ার চেষ্টা করে। অভিযুক্তরা এখনো তাদেরকে চোখে চোখে রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিক তানভির বলেন, ওই নারী সেখানে দুইজন স্বামীর সঙ্গে বসবাস করছে। তবে তিনি ভিডিও ধারণ, টাকা,মোবাইল এবং গরু লুটের সঙ্গে জড়িত নেই বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে খোঁজ খবর নিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে না: শিক্ষামন্ত্রী

 

চান্দিনা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে না। বিশ্বে বিভিন্ন প্রকার দুর্যোগ আসতে পারে। দূরদর্শীনি নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত দিকনির্দেশায় আমরা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছি। তাতেই লুটের রাজনীতিতে বিশ্বাসীরা মাথাচারা দিয়ে উঠেছে।’

রবিবার (৩১ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দক্ষ জনশক্তি গঠনে শিক্ষামন্ত্রী আরও বলেন, পড়ালেখা হতে হবে আনন্দময়। শিক্ষায় যাতাকলে যেন শিক্ষার্থীরা জর্জড়িত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুশিক্ষিত হওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ডা. ফিরোজা বেগমকে রোল মডেল হিসেবে নিয়ে এগিয়ে যেতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতার মেয়ে ডা. জাবিন জলিল, ভাগিনা অধ্যাপক ডা. মাসুম সিরাজ, ডা. নওশীন সিরাজ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ, অভিভাবক সদস্য কাজী তৌহিদুল আলম মঈন, শিক্ষার্থী নূসরাত জাহান আনিকা।

এশিয়া মহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সৈয়দা ফিরোজা বেগম নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ১৯৭০ সালে চান্দিনা উপজেলা সদরে ‘চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। তাঁর জীবদ্দশায় বেশ ভাল ভাবেই চলছিল শিক্ষার মান। ২০০০ সালে তাঁর মৃত্যুর পর থেকে ক্রমশই হ্রাস পেতে থাকে ওই বিদ্যালয়টির অবস্থান। স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক ড. প্রাণ গোপাল দত্ত এমপি চলতি বছরে ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে যেতে থাকে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় মাধ্যমিক বিদ্যালয়টি আজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিণত হয়েছে।

পায়রা, বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়টির কলেজ শাখা উদ্বোধনের পর ডা. সৈয়দা ফিরোজা বেগম ও বিদ্যালয়টির উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণী করা হয়। এছাড়া ফুলেল শুভেচ্ছা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) উম্মে হাবিবা মজুমদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি) সার্কেল) ফয়েজ ইকবাল, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সাবেক মেয়র মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার, কৃষকলীগ নেতা শাহ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

 

দুর্নীতিবাজ সরকারকে সময় দিলে দেশকে পঙ্গু করে দিবে অথবা বিক্রি করে দিবে: মিন্টু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এই অনির্বাচিত দখলদার অবৈধ দুর্নীতিবাজ সরকারকে আর সময় দেওয়া উচিত নয়। কারণ যদি আমরা আর সময় দি, তাহলে তারা পুরো বাংলাদেশকে গিলে ফেলবে এবং পঙ্গু করে দিবে অথবা বিদেশের কাছে বিক্রি করে দিবে।

রোববার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে সারা দেশে নজির বিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, এখন সময় এসেছে আমাদের গণতান্ত্রিক অধিকার,আমাদের স্বাধীনতা,সাংবাদিকদের বাক স্বাধীনতা,আমাদের মিছলি মিটিং করার স্বাধীনতা, সংবিধানে প্রদত্ত দাবি আদায়ের জন্য আমরা মাঠে ঘাটে রাস্তায় যেখানেই পারি প্রতিবাদ করব। এ সরকারকে পতন ঘটনাতে বাধ্য করব।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএিসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো.শাহজাহান, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন রুমি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রমূখ।

মান-অভিমান ভুলে আবারও এক হলেন আসিফ-ন্যান্‌সি

 

বিনোদন ডেস্কঃ

সংগীতশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্‌সির দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। সব মান-অভিমান ভুলে আবারও এক হলেন তাঁরা। বসলেন পাশাপাশি। রাজধানীর একটি রেস্তোরাঁয় দেখা হলো। একসঙ্গে ছবিও তুললেন তারা। ন্যান্‌সির উদ্যোগেই তাদের দ্বন্দ্বের ইতি ঘটল।

আসিফ বলেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া, আমি ন্যান্‌সি বলছি—খুব ভালো লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সব অভিযোগ-অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিল। ন্যান্‌সি তো আমার ছোট, আমি তো বড়; তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।’

অনেক দিন পর দুজনের দেখা হওয়ার অনুভূতি জানিয়ে আসিফ বলেন, ‘ন্যান্‌সি আমাকে বলল, “ভাইয়া, আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন।” সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। অনেক দিন পর স্নেহের ন্যান্‌সির সঙ্গে গল্প-গানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। তার জন্য আমার অনেক শুভকামনা। তাকে বলেছি, গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা। আমিও সেই দলের বাইরে নই।’

আসিফ-ন্যান্‌সির দ্বন্দ্ব শুরু হয় কয়েক বছর আগে। ফেসবুক লাইভে এসে ন্যান্‌সিকে নিয়ে আসিফের আপত্তিকর কথা বলা, সংগীতশিল্পী শফিক তুহিনের মামলায় তাঁর কারাগারে যাওয়াসহ নানা কারণে আসিফ-ন্যান্‌সির মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দ্বন্দ্বের মূলে ছিল আসিফ-ন্যান্‌সির গানের রয়্যালটি। ২০১৮ সালের মাঝামাঝির কথা। সে সময় তাঁদের এই ঘটনায় উত্তাল ছিল পুরো সংগীতাঙ্গন। ন্যান্‌সি দাবি করেছিলেন, ২০১৩ সালে আসিফের সঙ্গে করা “ঝগড়ার গান” অ্যালবামের প্রাপ্য সম্মানী তিনি পাননি। এ অ্যালবামে তিনি ১২টি গান গেয়েছেন। কিন্তু সম্মানী হিসাবে ২ লাখ টাকা আগাম রয়্যালটি ছাড়া আর কিছু পাননি।

ন্যান্‌সি উল্লেখ করেন, অ্যালবামের সম্মানী পাওয়ার বিষয়টি আসিফ আকবরের দায়িত্বে ছিল। এর এক বছর পর আসিফ আকবর তাঁকে আরেকটি অ্যালবাম করার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দেন। এরপর ২০১৮ সালে আসিফ আকবর এক সাক্ষাৎকারে বলেন, ‘ন্যান্‌সি ভালো গায়। কিন্তু মানুষ খারাপ, অকৃতজ্ঞ। ছয় মাস মাথা খারাপ থাকে।’ আসিফের এ মন্তব্যের পর ন্যান্‌সি আসিফ আকবরের বিরুদ্ধে মামলাও করেন। তবে সেসব আজ অতীত। প্রায় চার বছর পর তাঁদের অভিমানের বরফ গলল।

লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

ডেস্ক রিপোর্টঃ

চলমান জ্বালানি ও বিদ্যুৎখাতে চরম নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

এতে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করা হয়।

রোববার দুপুরে জেলার মুরাদনগর উপজেলার গোমতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জন, দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। বিদ্যুৎখাতে অনিয়ম-দুর্নীতি করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। জনগণ দানবীয় এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তীব্র আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে।