All posts by jitu

‘অজ্ঞাত ফোন’ পেয়ে নির্বাচনের ফল পাল্টে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা

 

ডেস্ক রিপোর্টঃ

মনিরুল হক সাক্কু ভোটের ফল প্রত্যাখ্যান করে বলেছেন, ‘অজ্ঞাত ফোন’ পেয়ে রিটার্নিং কর্মকর্তা ফল পাল্টে দিয়েছেন। ভোটের ফল প্রত্যাখ্যান করে আইনী লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের কাছে ৩৪৩ ভোটে পরাজিত হবার পর সাক্কু এক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান।

এর আগে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুইবারের নির্বাচিত মেয়র স্বতন্ত্র প্রার্থী ঘড়ি মার্কার মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটে হারিয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০৩১০ ভোট, মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট। অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া মার্কায় পেয়েছেন ২৯০৯৯ ভোট।

কুসিক নির্বাচন: ১৫ নং ওয়ার্ডে ২ বহিরাগতকে ৭ দিনের কারাদন্ড

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২ জন বহিরাগতকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরা হলো কুমিল্লার বরুড়া উপজেলার এনামুল হক (২০) ও খাগড়াছড়ির মাটিরাঙ্গার হিরণময় ত্রিপুরা।

নগরীর ১৫ নং ওয়ার্ডের  ব্রজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোরাঘুরির সময় তাদের এই কারাদন্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের নেতৃত্বে টহল টিম এ কারাদন্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কুসিক নির্বাচন: ১৪ নং ওয়ার্ডে বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের অহিদউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বুথে ভোট দেওয়ার সময় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ জুন) সকাল ১০ টার পর এ ভোট কেন্দ্রের বিভিন্ন বুথে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নিদিষ্ট  কোরামে ভোট দিতে জোর প্রয়োগ করছেন বুথে থাকা ওই ওয়ার্ডের স্থানীয় লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, বেলা বাড়ার সাথে সাথে বুথে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। বাধ্য করা হচ্ছে তাদের পচ্ছন্দীয় প্রার্থীদের ভোট দিতে।

কেন্দ্রের বাইরেও প্রভাব বিস্তারের চিত্র ফুটে উঠেছে।  সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নুরজাহান পুতুুলকে (হেলিকপ্টার)  দেখা গেছে তার কর্মীদের নিয়ে ভোটারদের চাপ প্রয়োগ দিচ্ছে।

কাউন্সিলর প্রার্থী ফরিদা আক্তার (আনারস) জানান, ১৪ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রেই পুতুল তার বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। বুথেও ভোটারদের প্রভাবিত করছে। এতে করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।

এ বিষয়ে অহিদউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জানান, বুথের পরিবেশ শান্তিপূর্ণ। সব প্রার্থীর এজেন্ট আছে। এমন ঘটনা ঘটেনি।

 

 

দেবিদ্বারে কয়েকটি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতিকের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দুয়েকটি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান।

বুধবার (১৫ জুন) সকাল  ৮ টা থেকে ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল ৯ টায় সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শন করে দেখা যায়, সেখানে নৌকা প্রতিকের প্রার্থীর পোলিং এজেন্টদের পাওয়া যায়নি।

স্থানীয় যুবলীগ কর্মী আসাদ জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই নৌকার এজেন্টদের ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয় স্বতন্ত্র প্রার্থীর লোকজন।

এদিকে খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  কুমিল্লা থেকে যাওয়া সাংবাদিকদের চলে যেতে বলেন প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান। কারণ হিসেবে বলেন- সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড কুমিল্লা থেকে নেওয়া। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে যারা কার্ড পেয়েছেন তারাই পর্যবেক্ষণ করতে পারবেন।

স্থানীয় ভোটাররা জানান, সাংবাদিক আসাতে তাদের সমস্যা হচ্ছে, যারা কেন্দ্র দখল করতে চায়  এবং কেন্দ্র দখলে সহযোগিতা করতে  চান।

এ বিষয়ে খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান জানান, নির্বাচন পর্যবেক্ষণ করতে হলে দেবিদ্বার উপজেলা থেকে কার্ড সংগ্রহ করতে হবে। এখানে আসা সাংবাদিকদের কার্ড কুমিল্লা থেকে অনুমোদিত।

যদিও বিগত কয়েক দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিভিন্ন  উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করেছেন তা একটি কার্ড দিয়েই করেছেন। নতুন করে কার্ড অনুমোদনের বিষয়টি হাস্যকর বলে সাংবাদিকরা মনে করেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে।

 

 

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে এসআই পীযুষ কান্তি দাস ও এএসআই নজরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদক কারবারিরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মনির হোসেন (৩০) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সল (২১)।

মঙ্গলবার (১৪ জুন) দুুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা তথ্যটি নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভারতে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার দুদিন পর লাশ ফেরত

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার দুই দিন পর ডালিম মিয়া (৩০) নামে ওই বাংলাদেশি যুবকের লাশ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

নিহত বাংলাদেশি যুবক কসবা উপজেলার মাদলা গ্রামের মোহন মিয়ার ছেলে।

সোমবার রাত ১১টার দিকে আখাউড়া চেকপোস্ট দিয়ে ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং আখাউড়া থানার ওসি মিজানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করেছেন। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে একই গ্রামের জহিরুল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত অবস্থায় আগরতলা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, কসবা উপজেলার মাদলা গ্রামের মোহন মিয়ার ছেলে ডালিম মিয়া, হানিফ মিয়ার ছেলে জহিরুল (৩০), সেলিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও কসবার কোল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে হৃদয় মিয়াসহ (২৬) কয়েকজন বাংলাদেশি শুক্রবার রাতে কসবা সীমান্তপথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে।

আখাউড়া সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরার টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং সাংবাদিকদের বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার টাকারজলা থানাধীন গোলাঘাটি গ্রামের একটি বিদ্যালয় থেকে শনিবার সকালে এক শিক্ষকের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন কয়েকজন যুবক। এসময় সেখানকার সাধারণ নাগরিকরা তাদের চোর সন্দেহ করে ধাওয়া করে ডালিমকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে পিটিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় জহিরুল ইসলাম নামে অপর এক বাংলাদেশি যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে জহিরুলকে ভারতীয় নাগরিকদের কাছ থেকে টাকারজলা থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তবে নিহত ডালিমের বাবা মোহন মিয়া জানান, মাদলা গ্রামের হানিফ মিয়ার ছেলে হাবিবুর রহমান শিমুল (৩৫) কয়েকদিন পূর্ব থেকেই ভারতে অবস্থান করছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলের ভাই জহিরুলসহ অন্যরা ডালিমকে ভারতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।

মোহন মিয়া আরও জানান, শিমুলের স্ত্রীর সঙ্গে ডালিমের পরকীয়া চলছিল। পারিবারিকভাবে বিষয়টি সম্প্রতি মীমাংসা হলেও পরকীয়ার জের ধরেই শিমুল ও তার লোকজন ডালিমকে হত্যা করে।

আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট বিজিবি ক্যাম্প ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, ডালিমকে কেন এবং কে বা কারা পিটিয়ে হত্যা করেছে, তা জানাতে পারেনি বিএসএফ। ত্রিপুরার পুলিশের কাছ থেকে আখাউড়া থানা পুলিশ সোমবার রাত ১১টায় ওই লাশ গ্রহণ করেন।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, যেহেতু হত্যাকাণ্ড ভারতে ঘটেছে। সুতরাং ভুক্তভোগী পরিবার এ বিষয়ে বিচার চাইলে ভারতের আদালতে আইনি লড়াই চালিয়ে যেতে পারেন। এ ঘটনায় ত্রিপুরার স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে।

কুমিল্লা নগরীতে ভোট কেনার সময় নগদ টাকাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ভোট কেনার সময় ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকাসহ মোঃ ফারুক (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আব্দুর রহীমের নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুন) বিকালে নগরীর ১৭নং ওয়ার্ড পাথুড়িয়া পারায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে প্রায় ২০০ ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার গুলাবাড়ী এলাকার ছাদেক মিয়ার ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত যুবককে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার আকাশে উড়ছে টাকা

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

রাত পোহালেই নির্বাচন। ভোটের আগেই ভোটারের মুখে অন্য কথা।ঢাকায় টাকা নয়। এখন কুমিল্লার ভোটের আকাশে উড়ছে টাকা। ভোটারদের চারপাশে এখন শুধু টাকার গন্ধ। অচেনা বা চেনা কেউ আসছেন হাতে গুজে দিচ্ছেন ৫ শত বা ১ হাজার টাকার ১ টি চকচকে নোট। কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের ঘরের আশপাশে ঘুরে দেখা গিয়েছে এমন চিত্র।

নগরীর ভোটার সূত্রে জানা যায়, মেয়র থেকে শুরু করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সমর্থিত লোকজন একজনের সাথে অন্যজন পাল্লা দিয়ে ভোটারদের হাতে গুজে দিচ্ছে টাকা।

ভোটের আগে টাকা দেওয়ার বিষয়টা নতুন কিছু না। এ ব্যাপারে জানতে চাইলে অনেকে মুখ খুলছেন আবার অনেকে কথা বলতে রাজি নয়। কেউ টাকা নিচ্ছেন আবার অনেকে টাকা নিচ্ছে না। কারো কন্ঠস্বর থেকে শুনা যাচ্ছে ব্যতিক্রমী আওয়াজ। তারা বলছেন আমরা টাকার মাধ্যমে ভোট দিবো না। আমরা সৎ যোগ্য শিক্ষিত প্রার্থীকেই নির্বাচিত করব । সামান্য কিছু টাকার জন্য আমরা এমন কাউকে নির্বাচিত করব না যেনো পরবর্তীতে হয়রানির শিকার হতে হয়।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত অভিযোগ করেন, আমাদের সাবেক মেয়র দূর্নীতিবাজ, ওনার কাছে কালো টাকার অভাব নাই। ইতিমধ্যে তার সমর্থিত লোকজন গিয়ে সাধারণ ভোটারদের টাকা দেওয়া শুরু করেছে। ওনার কালো টাকা সাদা করার সুযোগ তো এইটাই। কিন্তু আমি আশাবাদী কুমিল্লা সিটি কর্পোরেশনের মানুষ আর ভুল করবে না। তারা টাকার কাছে বিক্রি না হয়ে সৎ শিক্ষিত যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে। চারদিকে নৌকার জোয়ার, আমাদের টাকা দিয়ে ভোট কিনা লাগবে না। মানুষের ভালোবাসায় ১৫ জুন রাতে ইনশাআল্লাহ নৌকার বিজয় সুনিশ্চিত।

সদ্য বিদায়ী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। যেহেতু তারা বলতেছে আমি দূর্নীতিবাজ, আমি নাকি কালো টাকা সাদা করতেছি, টাকা দিয়ে ভোট কিনতেছি, আমি বলবো ভাই আপনার যদি টাকা থাকে তাহলে আপনিও ভোট কিনেন। আপনাকে কেউ ধরে রাখছে নাকি। অযথা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। কুমিল্লার মানুষ ইনশাআল্লাহ আমাকে আবার এমনেই নির্বাচিত করবে।

আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী (ঘোড়া) নিজাম উদ্দিন কায়সার বলেন, কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। মানুষ দূর্নীতিবাজ আর লুটেরা শ্রেণীর কাউকে আর ভোট দিবে না। মানুষ তাদের থেকে মুক্তি চায়। আমি ইতিমধ্যে মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছি। চারদিকে শুধু ঘোড়ার গণজোয়ার। তবে গুঞ্জন শোনা যাচ্ছে আমার প্রতিদ্বন্দী প্রার্থীরা নাকি কালো টাকার সাদা করার জন্য ভোটারদের হাতে হাতে টাকা দিচ্ছে। আমি আশাবাদী মানুষ সামান্য কিছু টাকার কাছে বিক্রি না হয়ে ইনশাআল্লাহ ১৫ তারিখ ভোটের মাধ্যমে ঘোড়া প্রতীকের জয় সুনিশ্চিত করবে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশ নির্বাচন ১৫ ই জুন। এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার। মোট কেন্দ্র ১০৫ টি। নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী অংশগ্রহণ করতেছে। এর মধ্যে ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী।

 

 

 

নোয়াখালীতে ঝোপে মিলল দেশীয় অস্ত্র

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ঝোপ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের বাড়ির পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি চারটি চাপাতি, দুটি কিরিচ, দুটি স্টিলের পাইপ, চারটি লোহার রড ও চারটি লাঠি উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানায়, আগামীকাল বুধবার সেনবাগের কেশারপাড়সহ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে প্রভাব বিস্তার করার জন্য কেউ অস্ত্রগুলো আনতে পারে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কুবির সামনে একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

 

কুবি প্রতিনিধিঃ

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।

১৩ জুন দিবাগত রাত ২টায় কু্বি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐ ঘটনায় সম্পৃক্ত থাকার ব্যাপারে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এ. এম. নূর উদ্দিন হোসাইনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও অব্যাহতির পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রের নিকট তাকে বহিষ্কারের সুপারিশও করা হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে। তদন্ত কমিটিকে ৪৮ ঘন্টার ভেতর প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা এ. এম. নূর উদ্দিন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনার সাথে আমি যুক্ত ছিলাম না।

উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।