Tag Archives: বিজিবি

একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না: বিজিবির নবনিযুক্ত ডিজি

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের ঘটনায় বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি এসব কথা বলেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল সীমান্ত পরিদর্শনে যাবো। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।

তিনি বলেন, আমরা ধৈর্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীও ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্য বাহিনীর ২৬৪ জন এসেছেন। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে; তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিল। আটজন ছিল গুরুতর আহত, তাদের মধ্যে চারজনকে কক্সবাজার ও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তাদের ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

গতকাল সোমবার মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর বিষয়ে বিজিবি ডিজি বলেন, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রটেস্ট নোট দিয়েছি৷ আজ সকালে মিয়ানমারের ডিএ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ অবস্থার আশু সমাধানের চেষ্টা করছি।

রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আজ সকালে ৬৫ জন রোহিঙ্গা নৌকায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেখানে টেকনাফ বিজিবি তাদের প্রতিহত করে পুশব্যাক করার কার্যক্রম চলমান। কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে আমরা ঢুকতে দেবো না।

সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনা সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে আমরা দেখছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিয়ানমারের মর্টার শেল বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশের নাগরিক মারা যাচ্ছেন কিন্তু সরকারপ্রধান শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আমরা কাউকে একটা প্রতিবাদও করতে দেখিনি। কারণ তারা তো মাথা আগেই বিক্রি করে দিয়েছেন। যারা মাথা বিক্রি করেন তারা সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলেন৷

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার ক্ষমতা ছাড়ার ভয়ে আতঙ্কে আছে। এ কারণে বিএনপির শীর্ষ নেতারা কারাগারে। আর উনি (শেখ হাসিনা) তার সোনার হরিণ ধরে রাখতে চাইছেন।গণতন্ত্রকামী জনগণ, সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলছেন। কারণ উনি নতজানু, প্রভুদের সাহায্য করতে জনগণকে তালাক দিয়ে অবৈধভাবে ক্ষমতা ধরে আছেন। অন্য দেশের ছোড়া মর্টার শেলে জনগণ মারা গেলেও প্রতিবাদ করতে পারেননি। কারণ আপনি তো ডামি নির্বাচন করেছেন, তাই জনগণের সঙ্গে তামাশা করেছেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশে ইন্টার্নাল নিরাপত্তা একটা বাহিনী তৈরি করেছে সরকার; যার নাম ছাত্রলীগ। তাদের কোনো আইন নেই। শুধুমাত্র বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল দেখলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আছে। বেআইনি অস্ত্রের লাইসেন্স দিয়ে তাদের ধাওয়া দেবে। যার ফল এখন সরকারসহ সাধারণ জনগণ টের পাচ্ছেন।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ছাত্রলীগের নারী নির্যাতনের আশকারা দিচ্ছে সরকার। জাবির হলে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের ঘটনার পরও প্রধানমন্ত্রীর টনক নড়েনি। গত বছরের সিলেট এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের এখনো বিচার হয়নি।

ছাত্রলীগ নারী নির্যাতন করলে শেখ হাসিনা কোনো কথা বলেন না। নারীর শ্লীলতাহানিকে তিনি অবাধ করে দিয়েছেন ছাত্রলীগের জন্য।

রিজভী আরও বলেন, ‌‌‌বিচার হয় শুধুমাত্র গণতন্ত্রের কথ বললে। আজকে মির্জা ফখরুল মির্জা, আব্বাস, আমির খসরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিনা অপরাধে কারাগারে আটক রাখা হয়েছে। এ দেশে কোনো সাধারণ মানুষের কারো কোনো নিরাপত্তা নেই। শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের মাঝে ক্ষোভের দাবানল তীব্রতর হচ্ছে, তাদের পতন অতি সন্নিকটে।

শীতার্ত ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য জিয়া পরিষদকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, রাজনীতি শুধু বড় বড় প্রজেক্টের মাধ্যমে টাকা আত্মসাৎ করে উন্নত দেশে পাচার করছেন হাসিনা সরকার। রাজনীতি হচ্ছে মানুষের সুখ সুবিধা দেখা; যা দেখতে জিয়াউর রহমান মাইলের পর মাইল ঘুরে বেড়িয়েছেন। নিজে কোদাল নিয়ে খাল খনন করেছেন। নিপীড়ন-নির্যাতন সহ্য করে কিভাবে মানুষের পাশে থাকা যায় তা দেখিয়েছেন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

সীমান্তে বিজিবির সাথে কাজ করছে পুলিশ : আইজিপি

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারে সীমান্তবর্তী এলাকায় চলমান সহিংসতায় সৃষ্ট সংকট মোকাবিলায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) পাশে থাকার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় ‘ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এসব বলেন।

সীমান্তে চলমান সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এ ব্যাপারে বিজিবি কাজ করছে। আমরা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আমাদের কাছে আইনানুগভাবে যে সহযোগিতা পাবে আমরা বিজিবিকে সেটা দেব।

নৌ-তদন্ত কেন্দ্র প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ নগরী, এখানে দেশের প্রধান সমুদ্র বন্দর রয়েছে। এ কেন্দ্র চালুর মাধ্যমে এ এলাকার পাশাপাশি নৌ-এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে আমাদের সদস্যরা কাজ করবেন। এতে করে বন্দরের কার্যক্রমের গতিশীলতাও বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে কর্ণফুলীর রাঙাদিয়া, চাক্তাই ও গুপ্তখাল এলাকায় আরও তিনটি নৌ-তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। দুই লাখ সদস্যের এ বিশাল বাহিনী সরকারের বিধিবিধান মেনে আমরা শৃঙ্খলা বজায় রাখি। শৃঙ্খলার বিষয়ে আমরা জিরো টলারেন্সের নীতি গ্রহণ করি। আমাদের সদস্যরা যথাযতভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা ঈর্ষণীয় একটা পর্যায়ে অবস্থান করছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এএসএম মাহাতাব উদ্দিন, বন্দর ডিসি শাকিলা শারমিন, নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিন, কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, এসি আরিফ হোসেন, ওসি জহির হোসেন প্রমুখ।

উল্লেখ্য চট্টগ্রাম বন্দর চ্যানেলের নিরাপত্তা জোরদার করতে বন্দর কর্তৃপক্ষ ২০০২ সালের দিকে নৌ-তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানায়। পরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কর্ণফুলী নদীর দুই তীরে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর, রাঙাদিয়া, নগরীর চাক্তাই ও গুপ্তখাল এলাকায় চট্টগ্রাম বন্দরের জায়গায় দুটি করে চারটি নৌ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

একদফা দাবিতে সপ্তম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ। চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। রোববার ভোর ৬টা থেকে এই অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

তার পর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে সরকারবিরোধী দলগুলো। পরে ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাক দেয় তারা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে ১৯ ও ২০ নভেম্বর সারা দেশে হরতাল পালন করে সরকারবিরোধী দলগুলো। এর পর ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। গত ২৪ নভেম্বর ভোর ৬টায় শেষ হয় ওই অবরোধ কর্মসূচি।

গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা, বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কোনাবাড়ি-কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকদের আন্দোলনের মুখে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে এসব কারখানা এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুর ঠেকাতে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর এলাকার শতাধিক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্পপুলিশ জোন ২-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুরের কোনাবাড়ি ও আশপাশের এলাকার ১৫টির বেশি কারখানা বন্ধের চিঠি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া ছোট-ছোট আরও অনেক কারখানা বন্ধ রয়েছে।

গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে শনিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলমান রয়েছে। এসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি হতে না পারে; সেজন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাসহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার (৫ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এ ছাড়া স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে।

এর আগে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র্যাপিড অ্যাকশন টিমের (র্যাট) সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল।

এদিকে বিএনপি-জামায়াতের দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেই শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারা দেশে ১২টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর মধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) ১টি, বরিশালে (চরফ্যাশন) ১টি এবং রংপুরে (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস ও ১টি রাজনৈতিক দলের কার্যালয় পোড়ায় দুর্বৃত্তরা।

রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থতি নিয়ন্ত্রনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেছেন। বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এক পর্যায়ে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা পিছনে হটে সমাবেশের দিকে সরে যায়।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে ছয় প্লাটুনি বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে। ১০ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে।

নির্বাচন নিয়ে বিজিবি সর্তক: কুমিল্লায় বিজিবির মহাপরিচালক

নির্বাচন নিয়ে বিজিবি সর্তক: কুমিল্লায় বিজিবির মহাপরিচালক

স্টাফ রিপোর্টার:

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। সীমান্ত দিয়ে দেশে কোনো অবৈধ অস্ত্র বা সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে সেদিকে আমাদের কঠোর দৃষ্টি রয়েছে। আমরা সব সময় সতর্ক আছি। এরই মধ্যে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে বিজিবি-১০ সেক্টরের মাদকদ্রব্য ধ্বংসকরণ ও গণসচেতনতা বৃদ্ধিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিবিপ্রধান বলেন, বিজিবি সব সময় দেশ ও জাতির কল্যাণে যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত আছে। আগামী নির্বাচনেও সততার সাথে দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন- কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরিফুল ইসলাম মেরাজ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ অন্যরা।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন, কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের কর্মকর্তা, ফায়ারিং প্রতিযোগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ভারতে পাচারকালে কুমিল্লার সীমান্ত থেকে ৯টি গুইসাপ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত থেকে ৯টি গুইসাপ উদ্ধার করেছে ১০ বিজিবি।

শুক্রবার বিকাল পৌনে পাঁচটায় উপজেলার ধনমুড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করা হয়।

শনিবার (০১ এপ্রিল) ১০ বিজিবি এর সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ধনমুড়ি সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালীন সময়ে দেখা যায় দুই জন ব্যক্তি ২টি প্লাস্টিকের বস্তায় করে কিছু মালামাল নিয়ে ভারতের দিকে যাচ্ছে। বিষয়টি সন্দেহ হলে টহলদল উক্ত ব্যক্তিদের দিকে এগুলে তারা বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অতঃপর বস্তাগুলো উদ্ধার করে তার মধ্যে লেজ এবং মুখ বাঁধা অবস্থায় ০৯টি গুইসাপ পাওয়া যায়।

উদ্ধারকৃত গুইসাপগুলো শনিবার (০১ এপ্রিল) চৌদ্দগ্রাম উপজেলার বন কর্মকর্তা মোঃ শহিদ মিয়ার কাছে হস্তান্তর করা হয়।