Tag Archives: ভোট

সুষ্ঠু ভোটের জন্য যতবার প্রয়োজন, ততবার নির্বাচন করব: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

সুষ্ঠু ভোটের জন্য যতবার প্রয়োজন ততবার নির্বাচন করবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ যে কোনো ধরনের ঘটনা ঘটলে পুরো দায় সরকারের ওপর চলে যায়। নির্বাচনে আচরণ বিধি অবশ্যই মেনে চলতে হবে। ৭ জানুয়ারির নির্বাচন শুধু আমাদের চোখেই দেখছি না। এ নির্বাচন বিশ্ববাসী দেখছে। এ নির্বাচনের ওপর দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও আমাদের অস্তিত্ব নির্ভর করে। তাই এমন কিছু করবেন না যাতে কঠোরতার চরম পর্যায়ে যেতে হয়। প্রয়োজনে আমরা প্রার্থিতা বাতিল করবো। ভোট বন্ধ করে দেবো। পুনঃনির্বাচন করবো। যতবার প্রয়োজন ততবার নির্বাচন করবো, ভোট সুষ্ঠু হতে হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোথাও কোনো অসুস্থ কাজ করলে, অন্যায় হলে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। কাউকে খুশি বা অখুশি করতে নির্বাচন করতে চাই না। জনগণ ভোট দেবে। ভোটগ্রহণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিয়েছি, তৈরি থাকবে।

লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।

প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন খান (নৌকা), এম এ গোফরান (কেটলি), হাবিবুর রহমান পবন (ঈগল), লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), বোরহান উদ্দিন আহমেদ মিঠু (লাঙল), লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), এম এ সাত্তার (ট্রাক প্রতীক), মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী মোশারফ হোসেন (নৌকা) ও ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক প্রতীক) প্রমুখ।

বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে :পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নেওয়া। তারা নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। তারা বরং বিদেশি দেশগুলোর কাছে নালিশই দিচ্ছে। এ জন্য বিএনপি হচ্ছে নালিশপার্টি।’

আজ মঙ্গলবার নগরীর ধোপাদিঘির এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি নির্বাচন নস্যাৎ করতে যা যা করার তা করছে। তারা আগের মতো অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা ও অবরোধ চালিয়ে যাচ্ছে। দেশের সম্পদ নষ্ট হচ্ছে। ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশবাসী তাদের সঙ্গে নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক লোক সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। আমরা সিলেট-১ আসনে সবচেয়ে বেশি ভোট ফেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো। সিলেট-১ আসনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে সারাবিশ্বকে প্রমাণ করতে হবে আমরাও পারি। আমরা বিজয়ের জাতি।’

ড. মোমেন বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। আমরা ভালো উপস্থিতি দেখাতে চাই। কারণ শেখ হাসিনার অনুগ্রহে সিলেটের এতো উন্নয়ন হয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যার কারণে।’

নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ আরও অনেকে।

১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, আবারও ক্ষমতায় আসবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে সিদ্ধান্তটি।

এরমাধ্যমে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার নির্বাচন ব্যবস্থার ওপর প্রেসিডেন্ট পুতিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। ফলে পুতিন আবারও ক্ষমতায় আসছেন এ বিষয়টি মোটামুটি নিশ্চিত। দেশটিতে যেসব বিরোধী দলীয় নেতা রয়েছেন তাদের বেশিরভাগই জেলে অথবা বিদেশে পালিয়ে আছেন এবং রাশিয়ার সবচেয়ে স্বাধীন গণমাধ্যমটিও নিষিদ্ধ করা হয়েছে।

৭১ বছর বয়সী পুতিন এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি। তবে বার্তাসংস্থা এপি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঠিক হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে এ ঘোষণা দেবেন তিনি।

সংবিধানে আমূল পরিবর্তন আনার কারণে, এবারের মেয়াদ শেষ হওয়ার পর পুতিন চাইলে আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। অর্থাৎ তিনি চাইলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।

রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।

মাতভিয়েনকো আরও বলেন, প্রথমবারের মতো ইউক্রেনের দনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমরা একত্রে প্রেসিডেন্ট নির্বাচন করার মাধ্যমে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারবো।

ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই: ইসি রাশেদা

ডেস্ক রিপোর্ট:

হরতাল-অবরোধের মতো কর্মসূচি বন্ধে নির্বাচন কমিশনের কিছুই করার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, হরতাল-অবরোধ কে দেবে, না দিবে তা নিয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে সজাগ রয়েছে। ভোটের পরিবেশ তৈরি আছে এবং তৈরি থাকবে, তা যেকোনোভাবেই হোক। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে। সংবিধান মেনেই দেশে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ইসি রাশেদা বলেন, ভোটের তারিখ পেছানোর কোনোরকম সম্ভাবনা নেই। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

ভোটারদের ভয়ভীতি দেখালে শাস্তি পেতে হবে উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, আগে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হত। সেখানে কোনো শাস্তির বিধান ছিল না। এখনকার নির্বাচন কমিশন ভোটারদের কোনোরকম ভয়ভীতি প্রদর্শন করলে তাকে শাস্তির আওতায় আনার বিধান করেছে। এ সময় তিনি ভোটারদের রাতের আধারে ভয়ভীতি প্রদর্শন করলে নিকটতম আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ পর্যায়ের প্রশাসনও এসব বিষয়ে বেশ আন্তরিক আছে। আগামী ৭ জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্যই নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আজকের এই পরিস্থিতিমূলক সভা।

রাশেদা সুলতানা বলেন, আমরা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা সুষ্ঠু, অংশগ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। আসন্ন নির্বাচনে যাতে সবাই সমন্বিত হয়ে কাজ করতে পারে, এই বার্তাটি দেওয়াই আমার মূল লক্ষ্য। আমার বিশ্বাস, আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

এর আগে সকাল ১০টায় বিভাগীয় সদর দপ্তরে কমিশনারের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় রংপুর রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

অসমাপ্ত কাজ সমাপ্তে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

অসমাপ্ত কাজ শেষ করতে আবারও নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে, আর বিএনপি-জামায়াত ধ্বংস করে।

শনিবার বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি টাউনশিপ মাঠে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।

নৌকায় ভোট দেওয়ার কারণেই দেশের উন্নয়ন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। আমরা চাই আপনারা সুন্দরভাবে বাঁচুন। প্রত্যেক মানুষ সুন্দরভাবে বাঁচবে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যাতে মানুষ কষ্টে না থাকে, সেভাবেই কাজ করে যাচ্ছি। আপনাদের জীবনমান যাতে উন্নত হয়, নিরাপদ হয়, সে লক্ষ্যেই কাজ করছি।

তিনি বলেন, বিএনপি করে হত্যা-অগ্নিসন্ত্রাস। তারা মানুষের কল্যাণে কাজ করতে পারে না। বিএনপি-জামায়াতের মনুষ্যত্ববোধ নেই, তাই জনগণকে তাদের বিষয়ে সাবধান থাকতে হবে।

মূল্যস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, ফলে মুদ্রাস্ফীতি একটু বেড়েছে। কিন্তু সেটাও নিয়ন্ত্রণে আমরা চেষ্টা চালিয়েছি। খুব শিগগির মূল্যস্ফীতি হ্রাস পাবে। মানুষ আরও ভালোভাবে চলতে পারবে বলে আশা করি।

শেখ হাসিনা বলেন, ১৫ বছরের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই দেশের পরিবর্তন হয়েছে। আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও আমরা চাইবো, আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের সেবা করতে পারি, যে কাজগুলো এখনো শেষ হয়নি সেগুলো শেষ করতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, আমি যেদিন বাংলাদেশে ফিরে এসেছি, সেদিন আমার কেউ ছিল না। যাদের রেখে গিয়েছিলাম, এসে পেয়েছি সারি সারি কবর। আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। কাজেই আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিতেও প্রস্তুত আছি। শুধু আপনাদের কল্যাণ করাটাই আমার একমাত্র কাম্য। আমি আপনাদের কাছে দোয়া চাই।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাবা-মা, ভাই, সব হারিয়েছি। আমাদের হারাবার আর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। শুধু একটাই কাজ- বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে। যেভাবে আমার বাবা স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই বাংলাদেশই আমি গড়ে তুলতে চাই। আমার বাবার স্বপ্নটাই পূরণ করতে চাই।

এর আগে শনিবার দুপুরে কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ও দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করে ট্রেনে রামুতে যান প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পৌঁছান।

জনসভায় বক্তব্য দেওয়ার আগে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া কক্সবাজারে ৫৩ হাজার কোটি টাকার আরও ১৬টি প্রকল্প উদ্বোধন করেন।

এগুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযুক্তি প্রকল্প। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাঁকখালী নদীর কস্তুরাঘাটে ৫৯৫ মিটার পিসি বক্স গার্ডার ব্রিজ, কক্সবাজার সদরে খাল লাইনিং অ্যাপ্রোচ রোড ও ব্রিজ। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের ৪টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্প। এছাড়া রয়েছে জনস্বাস্থ্য, গণপূর্ত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ৩টি প্রকল্প।

ইসির হাতে অপশন নেই, যথাসময়েই ভোট: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচন কমিশনের (ইসি) হাতে কোনো অপশন নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতেই হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সিইসি। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠক শেষে সিইসি জানায়, আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি নির্বাচনের জন্য। দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক নির্বাচন হবে যথাসময়ে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, এখনো প্রত্যাশা করবো সবগুলো দল অংশ নেবে। প্রতিকূল হলে নির্বাচন হবে না, তা নয়। নির্বাচন যথাসময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপের। উনি (পিটার ডি হাস) বলেছেন এখনো আহ্বান করবেন বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলোকে সংলাপে বসতে।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি সম্পন্ন: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

দেশে নির্বাচনের পরিবেশ আছে মন্তব্য করে কমিশনার বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই- এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। সংবিধান অনুযায়ী যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

ইসি আনিছুর বলেন, রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। দায়িত্বের বাইরে আমরা কিছুই করতে পারব না। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব, লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ স্বাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব না এবং এটি আমাদের ম্যান্ডেটরি না।

ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত পুলিশ রাখার চিন্তা ইসির

ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত পুলিশ রাখার চিন্তা ইসির

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন হলে ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। তবে এখন এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন সংগঠনের নিরাপত্তা শঙ্কায় এবং সংলাপে এ বিষয়টি উঠে আসার কারণেই বিষয়টি কমিশনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত হয়নি। তবে কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের ১৫ দিন পর্যন্ত নিরাপত্তা রাখতে পারে ইসি। যেহেতু সুধীজনদের সঙ্গে সংলাপে ভোট পরবর্তী সহিংসতার বিষয়টি উঠে এসেছে এবং বিভিন্ন সংগঠনের নেতারাও এ বিষয়ে চিঠি দিয়ে কমিশনকে অবহিত করছে, সেহেতু প্রয়োজন হলে কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে।

ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিতে মূলত পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বাহিনী নিয়োজিত থাকে। এছাড়া নির্বাচনের সময় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করে সশস্ত্র বাহিনী। পুলিশ ভোটের আগে দুই দিন ও পরে দুইদিন পর্যন্ত মোট চারদিন দায়িত্ব পালন করে। আনসার সদস্যরা ভোটের আগেপরে মিলিয়ে দায়িত্ব পালন করেন মোট পাঁচদিন। অন্যান্য বাহিনীর সদস্যরাও তিন থেকে চারদিন নির্বাচনী দায়িত্বে থাকেন।

আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদের ৩০০ আসনে ভোটকেন্দ্র হবে ৪২ হাজারের কিছু বেশি। গত নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর ছয় লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করেন। ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে ছিল সশস্ত্রবাহিনী। আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় গত নির্বাচনের চেয়েও অনেক বেশি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। কারণ, গত নির্বাচনের চেয়ে ভোটকেন্দ্রের সংখ্যা আগামী নির্বাচনে বেশি থাকবে।

ভোটের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কিছু নেই: প্রধানমন্ত্রী

ভোটের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কিছু নেই: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভোটের আগে ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশবাসী সব সময় তার দলের পাশে আছে। তাই আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

প্রধানমন্ত্রী বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

শেখ হাসিনা জানান, সামনে নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সব সময় আমাদের পাশে আছে।

বারবার তার প্রাণনাশের চেষ্টা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বুলেট ও বোমার মুখোমুখি হয়ে আমরা আজকের অবস্থানে পৌঁছেছি।

শেখ হাসিনা বলেন, সর্বশক্তিমান আল্লাহ্ প্রত্যেক ব্যক্তিকে একটি কাজ দিয়েছেন এবং কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করবেন।

তিনি আরও বলেন, আমাকে রক্ষা করতে উপরে আল্লাহ্ আছেন আর মাঠে আমার দলের নেতাকর্মীরা আছেন। যখনই আমার ওপর কোন হামলা হয়, আমার দলের লোকেরা সব সময় আমাকে রক্ষা করে।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতাকর্মী নিহত হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দলের লোকেরা তাদের জীবনের বিনিময়ে মানব-ঢাল বানিয়ে তার প্রাণ রক্ষা করেছেন।

শেখ হাসিনা বলেন, আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি-এটাই বড় কথা।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা-ভাঙ্গা রেল সংযোগের উদ্বোধন ও ফরিদপুরের ভাঙ্গায় ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক মহাসমাবেশে ভাষণ দেওয়ার পর টুঙ্গিপাড়া পৌঁছান।

আজ বিকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ভোট কারচুপি করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট কারচুপি করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভোট কারচুপি করে কেউ পার পাবে না এবং এ ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের নেই বলে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাদের (পর্যবেক্ষক দলকে) বলেছি, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি। তারা যেকোনো সংবাদ যেকোনো সময় ছাপিয়ে দেন। সেই ব্যাপারে আমরা কারও কণ্ঠরোধ করি না।’

তিনি বলেন, ‘আমাদের তিন হাজারেরও বেশি দৈনিক সংবাদপত্র রয়েছে। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানে তো নানা ধরনের সংবাদ দেওয়া হয়। কাজেই এখানে দুর্নীতি করে কিংবা ভোট কারচুপি করে কেউ পার পাবে বলে আমার মনে হয় না। সেই ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের আর নেই।’

‘সবাই মনে করে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন তাদের তত্ত্বাবধানে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে, এই ছিল কথা’, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

এর আগে দুপুর ১টার ৩৫ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ ও কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত হয় প্রতিনিধির দল। পাঁচ মিনিট পর স্বরাষ্ট্রমন্ত্রী সভাকক্ষে প্রবেশ করেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাত সদস্য।

আইআরআই ও এনডিআইয়ের হয়ে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা তারা। সাত সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীদের ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলছে।