Tag Archives: মৃত্যু

চৌদ্দগ্রামে দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা: আহত নারীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বসতবাড়ির দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত কুলসুম বেগম (৬৫) মারা গেছেন।

রোববার (৩১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত কুলসুমা বেগম চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর গ্রামের পশ্চিম পাড়া মজুমদার বাড়ির মৃত আবদুল খালেকের স্ত্রী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলসুম বেগমের সঙ্গে তার ভাশুর ধন মিয়া ও দেবর আরছ মিয়ার বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শনিবার (৩০ জুলাই) সকাল সাতটার দিকে ধন মিয়া, আরছ মিয়া, ধন মিয়ার ছেলে শাহিন ও সাইফুল পরিকল্পিতভাবে কুলসুমা ও তার মেয়ে নাজমা আক্তারকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এ সময় তাদের আত্ম-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেন। পরে রোববার সকাল দশটার দিকে গুরুতর আহত কুলসুমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত কুলসুম বেগমের বড় জামাতা মো. ভুট্টু বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার শাশুড়িকে প্রায়ই তার ভাশুর দেবররা মারধর করতেন। কিছুদিন আগেও আমার শাশুড়িকে উনার ভাশুর ধন মিয়া ও আরছ মিয়া একই বিরোধের জেরে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে আমরা একাধিকবার শালিস ডাকলেও তারা কাউকে পাত্তা না দেওয়ায় বৈঠক হয়নি।’

কুলসুম বেগমের ছেলে মো. সোহেল বলেন, ‘আমার জেঠা ধন মিয়া স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাড়ির জন্য জায়গা ক্রয় করেন। কিন্তু আরছ মিয়া ও ধন মিয়া আমাদের কাছে জায়গা পাবেন বলে বিরোধ সৃষ্টি করেন। মাত্র দুই শতক জায়গা নিজেদের দাবি করে তারা আমার মাকে বিভিন্ন সময় মারধর করত। তারা প্রভাবশালী হওয়ায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাত্তা না দেওয়ায় কেউ বিচার করতে আসতে চায় না।’

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেয়ার জন্য তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলে তারা কল কেটে দেওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুলসুম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে’।

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় আব্দুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নাওতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা।

নাওতলা গ্রামের কেএম জামাল জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরীফে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিষধর রাসেল ভাইপারের কামড়ে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিষধর রাসেল ভাইপারের কামড়ে সোয়াঈদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়।

নিহত সোয়াঈদ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নতুনপাড়ার মো. বিল্লাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোয়াঈদ মিয়া সিলেটে ফার্নিচারের ব্যবসা করেন। ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আসেন। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খালের পানিতে মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে রাত ১টার দিকে সে তার বন্ধুদের জানায় ডান পায়ে গোখরা সাপে কামড় দিয়েছে। তখন বন্ধুরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বাঁধ দেন। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তার পরিবারের লোকজন ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরার্মশ দেন। কিন্তু সোয়াঈদের শরীরে বিষ ছড়িয়ে পড়ায় কুমিল্লায় আর নেওয়া হয়নি। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কয়েকজন স্থানীয় সাপুড়ে দিয়ে গ্রাম্য চিকিৎসা করানো হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম ও ডা. জীবন চন্দ্রও দাসের একটি মেডিকেল টিম বিভিন্ন পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ডা. জীবন চন্দ্র দাস বলেন, যখন সাপে কামড় দিয়েছে সঙ্গে সঙ্গেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে হয়ত বাঁচানো যেত। কিন্তু তারা স্থানীয় সাপুড়ে দিয়ে ঝাড়ফুঁক দিয়ে রোগীকে চিকিৎসা করিয়েছে। নিহতের মুখ দিয়ে রক্ত বের হতে দেখে মনে হচ্ছে বিষাক্ত রাসেল ভাইপার কামড়িয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যুর খবরটি জানতে পেরেছি। এরই মধ্যে ফেসবুকে গুজব ছড়িয়েছে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা না করে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

তিনি আরও বলেন, সবাইকে আশ্বস্ত করতে চাই, নাসিরনগরে সাপে কামড়ের ভ্যাকসিন আছে। যুবককে মৃত্যুর পূর্বে চিকিৎসার জন্য নাসিরনগর হাসপাতালে আনা হয়নি।

কুমিল্লার লাকসামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নাসির উদ্দীন (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মুদাফরগঞ্জ-চিতোষী সড়ক মাওলানা সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির রাজাপুর নাসা হাসপাতালে প্যাথলজি বিভাগে চাকরি করতেন। তিনি মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া ইউনিয়নের ভরল্লা গ্রামের আবু সায়েদের ছেলে।

নিহত নাসির উদ্দীনের মামাশ্বশুর আজহার মজুমদার বলেন, বৃহস্পতিবার হাসপাতালের কাজ শেষ করে মাওলানা সাহেববাজারে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কাউসার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া খামাচাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

কাউসারের চাচাতো ভাই মো. হোসেন জানান, কাউসার একজন দরিদ্র রাজমিস্ত্রি। পাশাপাশি অন্যের গরু (বর্গা) লালন পালন করে। ঘটনার দিন সকালে (বর্গা) গরু বিক্রির জন্য বাড়িতে গরু বেপারীকে আসতে বলেন। গরু বিক্রির কথা পাকা হওয়ার একপর্যায়ে কাউসার তার নিজের বসতঘরের (টিনের বেড়া) সঙ্গে মাথা হেলান দিয়ে দাঁড়ালে সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত মাদক সেবনে প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত মাদক সেবনে শরিফ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শরিফ মিয়া উপজেলার গোপালনগর গ্রামের লিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফ মিয়া পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী। শুক্রবার সকালে মাদক সেবন করে বাড়িতে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

বাড়িতে আসার কিছু সময় পর শরিফের আবার পেটে ব্যথা শুরু হয়। এরপর বিকাল ৫টায় তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে শরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শরীফের বোন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

কোম্পানীগঞ্জে অটোরিকশা-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারী চ্যালিত অটোরিকশা ও বেপরোয়া গতির পিকআপ ভ্যানের মুখোমুখি সংষর্ষে ২ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশা চালক মামুন (৪৫) গুরুতর আহত হয়েছে।

নিহত জালাল উদ্দিন মিলন (৪৮) কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের হানিফ বিএসসি বাড়ির মন্নান দরবেশের ছেলে ও লিলি বেগম (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী এলাকার আলী সওদাগরের স্ত্রী।

সোমবার (৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাংলাবাজার টু সোনাপুর সড়কের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি জানান, দুপুর ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে একটি পিকঅ্যাপ ভ্যান সোনাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এসময় পিকঅ্যাপ ভ্যানটি চরফকিরা ইউনিয়নের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় পৌঁছলে চাপরাশিরহাট সংযোগ সড়ক থেকে একটি অটোরিকশা বাংলাবাজার টু সোনাপুর সড়কে উঠলে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলন গুরুত্বর আহত হয়ে মারা যায়। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যাত্রী লিলি বেগম ও অটোরিকশা চালক মামুনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিলি বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শ (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় লোকজন পিকআপ ভ্যান ও ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মৃত্যুপুরীতে রূপ নিয়েছে ব্রাজিল,সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রাজিলে ফের ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি করোনাভাইরাস। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে একদিনে করোনায় মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

এ ছাড়া দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন।