Tag Archives: আদালত

গাঁজা রাখার দায়ে যুবকের ৩ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা বিক্রির দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (৪৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মরনীর বাড়ির রসুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মরনীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, জসিম বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ ঘরে গাঁজা রেখে মাদক কারবার করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার বসত ঘরে সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে রাসেল মিয়া (৩৪) নামের এক মাদক কারবারিকে নিজ দোকান থেকে ১৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়ন এর জাহাপুর বাজারের মা-বাবার দোয়া রাইছ মিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি রাসেল জেলার তিতাস উপজেলার উত্তর মানিকনগর গ্রামের মৃত. আলী আহাম্মদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার এস আই মোরশেদ আলম ও তার সঙ্গীয় ফোর্স জাহাপুর বাজারের মা-বাবার দোয়া রাইস মিলে তল্লাশি চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাসেলকে গ্রেফতার করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার আদালতে অনুপস্থিত খালেদা জিয়া, পেছাল চার্জ গঠনের তারিখ

কুমিল্লার আদালতে অনুপস্থিত খালেদা জিয়া, পেছাল চার্জ গঠনের তারিখ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুপস্থিত থাকায় চার্জ গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তারিখ পেছান কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন।

এদিকে, এদিন সকাল সাড়ে ১০টায় মামলায় হাজিরা দিতে কুমিল্লার আদালতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এ সময় চার্জ গঠনের তারিখ পেছানো হয়।

দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানান আসামি পক্ষের আইনজীবী কাজী নাজমুস সাদাত, কাইমুল হক রিংকু ও মোহাম্মদ আক্তার হোসাইন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে হরতাল-অবরোধ চলাকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০) চৌদ্দগ্রামের মিয়াবাজারসংলগ্ন জগমোহনপুর এলাকায় পৌঁছলে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন নাশকতাকারীরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা যাত্রীরা আগুনে পুড়ে ঘটনাস্থলে সাত জন ও চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজন মারা যান।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার ৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন।

ওই মামলায় ৭৮ জনকে আসামি করে ২০১৭ সালের ২ মার্চ আদালতে চার্জশিট দেন চৌদ্দগ্রাম থানার তৎকালীন এসআই মো. ইব্রাহিম। তখন ৭৮ নম্বর আসামি হিসেবে যুক্ত করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে।

ওই মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই মামলার ৫১ নম্বর আসামি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সালাউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, মনিরুল হক চৌধুরীসহ অনেকে।

আসামিপক্ষের আইনজীবী কাজী নাজমুস সাদাত বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আদালতের নির্দেশে সরকারের হেফাজতে আছেন। তাই তাকে উপস্থিত করার দায়িত্ব সরকারের। আমরা আদালতে আবেদন করেছি, যেহেতু খালেদা জিয়া অসুস্থতাসহ নানান কারণে অনুপস্থিত তাই যেন চার্জ গঠনের তারিখ পেছানো হয়। এ ছাড়াও বিএনপির অনেক নেতাকর্মী অনুপস্থিত ছিলেন।

যে কারণে আমরা আবেদন করেছি। আমাদের আবেদন গ্রহণ করা হয়েছে। চার্জ গঠনের তারিখ কবে তা পরে জানানো যাবে।
এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে যাচ্ছেন। বিএনপির প্রায় ৪৫ থেকে ৪৯ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবার আরেকটা নির্বাচন করে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে এসব মামলা করা হয়েছে।

এসব মামলার একটি এই বোমা হামলার মামলা। এবার আর কোনো সুযোগ নেই। জনগণ জেগে উঠেছে। সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আর উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেখাচ্ছেন ফ্লাইওভার। এবার আর অবৈধ ক্ষমতা দখলের সুযোগ দেওয়া হবে না। একদফার আন্দোলন শুরু হয়ে গেছে। সরকারের বিদায়ঘণ্টা বাজতে শুরু করেছে।

কুমিল্লার হোমনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ

কুমিল্লার হোমনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনায় জজ মিয়া হত্যা মামলায় আজাদ মিয়া (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিচারক আসামি আজাদ মিয়ার মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অপর দুই আসামি সালাউদ্দিন ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

আজাদ মিয়া হোমনা উপজেলার হোমনা সদরের সরদার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় জজ মিয়া বিদ্যুৎ না থাকায় গরমের কারণে বাড়ির পাশে পৌর নতুন বাস স্ট্যান্ড খোলা মাঠে বসে মোবারক মিয়াসহ গল্প করছিলেন, এ সময়ে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা জজ মিয়াকে কিল ঘুষি লাথি এবং একপর্যায়ে ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। এ ঘটনায় আহত জজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এ ব্যাপারে ২৩ মে মৃতের বড়ভাই হোমনা দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. জুলহাস বাদী হয়ে হোমনা সরদার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে আসামি আজাদ মিয়া (৩৫), সালাউদ্দিন (২৮) ও নাসির উদ্দিনসহ (২২) চার জনের বিরুদ্ধে হত্যা মমালা দায়ের করেন। পুলিশ ২৮ মে আসামি আজাদ মিয়াকে গ্রেফতার করেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নরুল ইসলাম বলেন, আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত রায় বাস্তবায়ন করবেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এইচ এম আবাদ বলেন, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবো।

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন উপজেলার বড়শালঘর ইউনিয়নের মৃত. হারুনুর রশিদের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইস্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীল সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ২ তরুণকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাদেরকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মো.বাবুলের ছেলে আবুল হোসেন খোকন (২০) একই ওয়ার্ডের কাঠপট্রি এলাকার মৃত আহসান উল্যার ছেলে আবদুর রহমান বাবু (২৩)।

শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালের দিকে নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাঠপট্রি এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় দুই যুবককে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ও দুই তরুণকে ৫শত টাকা জরিমানা ও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নোয়াখালীতে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক মামলায় তিনজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে জরিমানা করা হয় অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দন্ডিত ব্যক্তিরা হলেন, জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের আমিন উল্যার ছেলে সুরুজ মিয়া (৪২) এওজবালিয়া ইউনিয়নের ইব্রাহিম খলিলের ছেলে জাহিদুর রহমান রনি (২১) ও অশ্বদিয়া ইউনিয়নের গোপিভল্লবপুর গ্রামের আবদুল মালেকের ছেলে এমাজ উদ্দিন টুটুল (৩৯)।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা জজ কোর্টের বিশেষ দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় দেন। এ সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মার্চ সদর উপজেলার খলিফারহাট বাজার সংলগ্ন সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক কারবারি সুরুজ, রনি ও টুটুলকে গ্রেফতার করে। সেখানে তাদের তল্লাশি করে ৩হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (এসআই) মো. মামুনুর রশিদ সরকার মামুন তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট এমদাদ হোসেন কৈশর বলেন, তাদের নামে মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামি সুরুজ মিয়ার উপস্থিতিতে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরুজ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড, জাহিদুর রহমান রনিকে ৭বছরের সশ্রম কারাদণ্ড, ১৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪মাসের কারাদণ্ড এবং এমাজ উদ্দিন টুটুলকে ৫ বছরের সশ্রাম কারাদণ্ড, ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩মাসের কারাদণ্ড দেন। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন। পরে এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক মামলায় তিনজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে জরিমানা করা হয় অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে দোকানঘর নির্মাণের অভিযোগ

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে নালিশি ভূমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ রাসেল বেপারী গং নামে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মুক্তিযোদ্ধা বাজারে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এএসআই আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে রাসেল গংদেরকে দোকানঘর নির্মাণ করতে নিষেধ করাসহ আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।

জানা গেছে, উপজেলার কনকপৈত ইউনিয়নের করপাটি গ্রামের রাসেল বেপারী গং ও কাজী ইউনুস গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিবাদমান জায়গা নিয়ে উভয়পক্ষ আদালতে একাধিক মামলাও করেন। গত ২৬ ফেব্রুয়ারি ও ৯ মে আদালত রাসেলদের দায়েরকৃত ১৪৫ ধারা ও ১০৭ ধারার দু’টি পৃথক মামলা (মামলা নং ১২৯২/২২ইং ও ৪০২/২২ইং) খারিজ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২ জুন রাসেল গং বহিরাগত কতিপয় সন্ত্রাসী এনে বিবাদমান জায়গায় দোকানঘর নির্মাণ করার চেষ্টা করে। এতে বাধা প্রদান করলে রাসেল গং প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলায় কাজী ইউনুসের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ইউনুসকে পরিবারের লোকজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। ঐ ঘটনায় মৃত একরামুল হক গেদুর ছেলে মো: রাসেল ও মৃত আনু মিয়ার ছেলে আহসান হাবীবসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি ব্যবসায়ী কাজী ইউনুস। পরে পুলিশ ঘটনাস্থলের পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত উভয়পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানান। কিন্তু বৃহস্পতিবার (১৫ জুন) ভোর রাতে একই কায়দায় আবারো রাসেল গং দোকানঘর নির্মাণের কাজ শুরু করতে যায়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগি ইউনুস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আগের অভিযোগের তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এএসআই আজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগি ইউনুস ও তার পরিবার। তিনি থানা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন।

ইউনুসের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা ছোটবেলায় এতিম হয়ে গেলে আমার দাদা আজমত আলী এ জমিটি আমাদেরকে কবলা দিয়ে যান। গত কিছুদিন পূর্বে রাসেল গং আমাদের বিরুদ্বে চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়। এ মামলার খবর শুনে আমি স্ট্রোক করে বর্তমানে প্যারালাইসড হয়ে মানবেতর জীবনযাপন করছি।’

স্থানীয় প্রবীণ ব্যক্তি আবুল হাশেম ডিলার, শামসুল হক ও হারুনুর রশিদসহ অনেকেই বলেন, ‘ইউনুস এর বাবার মৃত্যুর পর তার দাদা জীবিত থাকাবস্থায় তাদেরকে এ জায়গাটি দানপত্র কবলা দিয়ে যান। এ জায়গাটি নিয়ে ইউনুস ও রাসেলদের মধ্যে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই উক্ত জায়গায় রাসেল গং ঘর নির্মাণ করছে। যা আদালত উপেক্ষারই শামীল।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই আজিম উদ্দিন বলেন, ‘থানায় পূর্বের অভিযোগ ও ৯৯৯ এ কল পেয়ে বৃহস্পতিবার আবারো ঘটনাস্থল পরিদর্শন করি। আদালতে মামলা চলমান থাকায় চূড়ান্ত রায় না আসা পর্যন্ত উভয়পক্ষকে স্থাপনা নির্মাণ না করতে এবং শান্ত থাকার জন্য বলা হয়েছে। কিন্তু রাসেল গং তা মানছেনা।’

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা: ১৩ বছর পর ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল করিম (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যার ১৩ বছর পর ২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুন) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসময় আদালত দুই আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা গ্রামে মো. মজনু মিয়া ও কবির মিয়া।

মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে হোমনার বাগমারা গ্রামের আবদুল করিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চারদিন পর ২ আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার ঘটনা প্রমাণিত হয়। দুই আসামি ১৬৪ ধারায় টাকার লেনদেনের দ্বন্দ্বে হত্যা করেছে বলে স্বীকার করে। এ ঘটনায় আদালত তাদের ফাঁসির আদেশ দেয়।

চান্দিনায় ৫ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা কবির হোসেন কিশোর বয়সে ৩০ বছর আগে কর্মের তাগিদে চট্টগ্রামে যান। সেখানে একটি রিক্সা গ্যারেজে কাজ করা অবস্থায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে গ্রেফতার হন। জামিনে থাকাবস্থায় ওই মামলায় পাঁচ বছরের সাজা হওয়ায় ১৮ বছর যাবৎ পলাতক কবির হোসেন (৪৫) নামের ওই ব্যক্তি। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় চান্দিনা থানা পুলিশ।

আটক কবির হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের মমতাজ উদ্দিন মিন্টু’র ছেলে।

বুধবার (১০ মে) দিবাগত রাত চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জহিরুল ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম। পরদিন বৃহস্পতিবার (১১ মে) দুপুরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০০১ সালে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনা মামলার আসামী কবির হোসেন ওই মামলায় কয়েকবার কারাগারে যাওয়ার পর ২০০৪ সালে ওই মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করে চট্টগ্রামের বিচারিক আদালত। ওই মামলার ভয়ে পলাতক হয় কবির হোসেন। সাজাপ্রাপ্ত ওই আসামীর গ্রেফতারি পরোয়ানাটি চান্দিনা থানায় প্রায় দেড় যুগ পড়েছিল। খোঁজ নিয়ে জানা যায় ওই পলাতক আসামী চট্টগ্রামেই বসবাস করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের ভাড়া বাসা থেকে আটক করা হয়।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়ানাটি ২০০৪ সালেই চান্দিনা থানায় আসে। আসামী এলাকায় না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে অনেক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতারে সক্ষম হয়েছি।