Tag Archives: কুমিল্লা জেলা

কুমিল্লার চান্দিনায় গাছ কাটতে গিয়ে গাছের চাপায় শ্রমিকের মৃত্যু

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের চাপায় প্রাণ হারালেন আব্দুল হাকিম (৪০) নামের এক ব্যক্তি।

সোমবার দুপুরে চান্দিনা পৌরসভার চান্দিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম (৪০) চান্দিয়ারা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে মামুন জানান, চান্দিয়ারা গ্রামের ফকির বাড়িতে একটি আম গাছ কিনেছিলেন আমার পিতা আব্দুল হাকিম। সোমবার আমিসহ আরও কয়েকজন মিলে ওই গাছ কাটার কাজ করছিলাম। গাছটি একজনের ঘরের উপর পড়বে আশঙ্কা করে আমার পিতা আব্দুল হাকিম গাছটিতে ধরতে গেলে গাছের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আব্দুল হাকিম এর জন্মস্থান এ এলাকায় না। তার পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলায়। প্রায় ২৫ বছর আগে এখানে এসে বিয়ে করে বাসিন্দা হন। কৃষিকাজ করার পাশাপাশি গাছের কাজ করতেন তিনি। সোমবার গাছ কাটার সময় চাপা পড়ে মৃত্যু ঘটে তার।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি শুনেছি। তবে এটি মূলত একটি দুর্ঘটনা।

কুমিল্লায় আজ করোনায় আক্রান্ত ৫২ জন, সিটি কর্পোরেশনেই ৩১ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ৫২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১২ জনে।

আজকের রিপোর্টে একজনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৪৬ জনে দাঁড়াল।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ৩১ জন, আদর্শ সদরে ৪ জন, বরুড়ায় ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, চান্দিনায় ২ জন, লাকসামে ৩ জন, নাঙ্গলকোটে ২ জন, দেবিদ্বারে ১ জন, মনোহরগঞ্জে ১ জন ও দাউদকান্দিতে ১ জন।

আজকের রিপোর্টে ৩৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ২৩ জন, লাকসামে ১০ জন, নাঙ্গলকোটে ৩ জন, আদর্শ সদরে ১ জন ও দেবিদ্বারে ১ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৮৬০ জন করোনা রোগী।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৫ হাজার ৩৭২ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৪ হাজার ৮৭৮ জনের। এর মধ্যে ৮ হাজার ৭১২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কুমিল্লার চান্দিনায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৪ কেজি গাঁজাসহ আল-আমিন মোল্লা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পালকি সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আল-আমিন মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝিগরহাটি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে।

জানা যায়, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ওবায়দুল হকের নেতৃত্বে এস.আই মো. রাকিব উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পালকি সিনেমা হলের সামনে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন আল-আমিনকে আটক করে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি আল-আমিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লাশবাহী গাড়ির সাথে ঢাকা যাওয়ার পথে চান্দিনায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম সফু (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা অংশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ঢাকার মহাখালী এলাকার মৃত আলী আহাম্মেদের ছেলে।

জানা যায়, চাঁদপুরের রহিমানগর এলাকা থেকে শফিকুল তার শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে নিজের মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের নাওতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ জানান, কিছুটা জনমানবহীন এলাকায় দুর্ঘটনা ঘটায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি তথাপি ঘাতক গাড়িটিকেও আটক করা সম্ভব হয়নি।

কুমিল্লায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ১৮ কেজি গাঁজাসহ মোঃ সামিউল হারুন (২৫) নামের এক মাদক পাঁচারকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোররাতে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাঁচারকারী হলেন রাজশাহীর বোয়লিয়া উপজেলার শেখের চকগ্রামের মোঃ মোস্তাক আলীর ছেলে মোঃ সামিউল হারুন (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাঁচারকারী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

 

কুমিল্লা মুক্ত দিবস আজ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয় কুমিল্লা। এদিন বিকেল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী কুমিল্লা বিমানবন্দরে পাক বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টের প্রধান ঘাঁটিতে আক্রমণ শুরু করে। মিত্রবাহিনীর ১১ নম্বর রেজিমেন্টের আর.কে মজুমদারের নেতৃত্বে কুমিল্লা বিমান বন্দরের তিনদিক থেকে আক্রমণ চালানো হয়। সীমান্তবর্তী বিবির বাজার দিয়ে লেফটেন্যান্ট দিদারুল আলমের নেতৃত্বে একটি দল এবং অপর দুটি দল গোমতী নদী অতিক্রম করে কুমিল্লা শহরের ভাটপাড়া দিয়ে এবং চৌদ্দগ্রামের বাঘেরচর দিয়ে এসে বিমান বন্দরের পাকসেনাদের ঘাঁটিতে আক্রমন করে।

রাতভর পাকবাহিনীর সঙ্গে যুদ্ধে ২৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। কিছু পাকিস্তানি সেনা বিমান বন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে কুমিল্লার বরুড়ার দিকে ও ময়নামতি সেনা ছাউনিতে ফিরে যায়। কয়েকজন আত্মসমর্পন করে। এক পর্যায়ে পাকসেনাদের বিমানবন্দরের প্রধান ঘাঁটি দখলে নেয় মুক্তিসেনারা। আর এভাবেই একাত্তরের ৮ ডিসেম্বর ভোরে কুমিল্লা হানাদার মুক্ত হয়।

এদিন ভোর থেকে মুক্তিসেনারা শহরের চকবাজার, রাজগঞ্জ, টমছমব্রিজ ও গোমতী পাড়ের ভাটপাড়া দিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে শহরে প্রবেশ করে। তখন সড়কে নেমে আসে আনন্দে উদ্বেলিত জনতা।

কুমিল্লা মুক্ত দিবসে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল কুমিল্লা নামে বিভাগ ও আধুনিক টাউন হল নির্মানের দাবী জানান।

 

বরুড়ায় ওরাই আপনজন সংগঠনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

বরুড়া প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়ায় সোমবার বিকেল ৪টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে ওরাই আপনজন সামাজিক সংগঠনের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ২৩০টি কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি ইলিয়াছ আহমদের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিশাত সুলতানা, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, কুমিল্লা জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সংগঠনের উপদেষ্টা আখতারুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামাল হোসেন। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম এসব কম্বল গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন।

উল্লেখ্য, আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে বরুড়া পৌর সদর বাজারে ৫ হাজার মাস্ক বিতরণ করা হবে।

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় শাহ জালাল সুজন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন।

সোমবার (৭ ‍ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার খিলা এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের মৃত ইয়াকুব আলীর ছেলে।

নিহতের মামা মঞ্জুর আলম জানান, সুজন সোমবার সকালে পাসপোর্ট করতে নোয়াখালীর মাইজদী গিয়েছিল। ওইদিন দুপুরে সে সেখান থেকে বাসযোগে ফিরে খিলায় নামে। পরে খিলা থেকে ব্যাটারি চালিত রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় চালকের অসাবধানতার কারণে কুমিল্লাগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে সুজন, রিকশায় থাকা আরেক যাত্রী এবং চালক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোঘণা করেন। স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লা জেলাজুড়ে ২৯টি মোবাইল কোর্টে ২০২ জনকে অর্থদন্ড প্রদান

 

শাহ ইমরান:

করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

সোমবার জেলাজুড়ে ২৯টি  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৮৫টি মামলায় ২০২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোট অর্থদন্ডের পরিমান ৪১ হাজার ৮৫০ টাকা।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সোমবার সকাল থেকে নগরীর রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়সহ বিভিন্ন মার্কেটে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন ।

এ সময় মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্টেট মোঃ মাজহারুল ইসলাম।

এছাড়া একই সময় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃআবু সাঈদ।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা জানান,পূর্বের চেয়ে এখন জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান বৃদ্ধি পেয়েছে । সাধারণ মানুষ এখন মাস্ক পড়ছে।  কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

কুমিল্লার তিতাসে পাকা রাস্তা কেটে জলাবদ্ধতা নিরসন!

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার তিতাস উপজেলায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসন করতে গিয়ে পাকা সড়ক ধ্বসে পড়েছে।

গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর হইতে চান্দনাগেরচর সড়কের মাঝামাঝি মাওলা মিয়ার বাড়ির পূর্ব পাশে প্রায় ৩০ ফুট অংশ ধ্বসে পড়ে। এতে সিএনজি-অটোরিক্সাসহ যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে শিবপুর, চান্দনাগেরচর, ইউসুফপুর, গোপালপুর ও বাঘাইরামপুর গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপি-শিবপুর ও ইউসুফপুর এলাকায় অপরিকল্পিতভাবে কালভার্ট বিহীন সড়ক নির্মাণ করায় কড়িকান্দি মৌজার প্রায় ৩০০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বর্ষা মৌসুম শেষ হয়ে গেলেও জমির পানি না নামায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েন।

স্থানীয় কৃষক আমীর হোসেন ও মজিবুর রহমান বলেন, সড়কটি কাটা হয়নি, পানি নিষ্কাশনের জন্য হোল করে পাইপ দেওয়ার সময় ধ্বসে পড়েছে। তবে আমরা সমস্যা নিরসনে জমির মালিকদের নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক করেছি। পরে চেয়ারম্যানকে আমাদের সমস্যার কথা জানাই এবং পানি সরানোর জন্য সড়কের নিচ দিয়ে পাইপ বসানোর অনুমতি চাই। চেয়ারম্যানের অনুমতি নিয়ে জমির মালিকরা টাকা তুলে সড়কের মাওলা মিয়ার বাড়ির পূর্ব পাশে পাইপ বসাতে গেলে সড়কটি ধসে পড়ে।

এ বিষয়ে মজিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার ফোনে জানান, এলাকার কৃষকরা জমিতে আটকে থাকা পানি সরানোর বিষয়টি আমাকে জানিয়েছে। তারা পাইপ কিনার জন্য কিছু টাকাও নিয়েছে। পাইপ বসানোর সময় দূর্ঘটনাবসত সড়কটি ধসে পড়েছে। অতি দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, বিষয়টি আমি শুনেছি। জলাবদ্ধতা নিয়ে কৃষকরা আমাকে বা কৃষি অফিসকে জানাতে পারতো। স্থানীয় চেয়ারম্যানও বিষয়টি আমাকে জানায়নি। সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।